পিংক ফ্লয়েডকে ডিঙালেন অ্যাডেল
যুক্তরাজ্যের সংগীত ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবামের তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে অ্যাডেলের ‘২১’ অ্যালবামটি। এ দৌড়ে তাঁর ২১ পেছনে ফেলেছে ১৯৭৩ সালে প্রকাশিত ব্রিটিশ সাইকাডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’-এর মতো অ্যালবামকে। ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ‘ব্যাড’ অ্যালবামকেও পেছনে ফেলেছে অ্যাডেলের অ্যালবামটি। এবারের গ্র্যামি আসর থেকে ছয়টি বিভাগে পুরস্কার জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল। এ আসর থেকে বছরের সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ২১। গত বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার পর এরই মধ্যে অ্যালবামটির চার কোটি এক লাখ ৪২ হাজার কপি বিক্রি হয়ে গেছে। অবশ্য যুক্তরাজ্যের বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় শীর্ষে রয়েছে কুইন ব্যান্ডের ‘গ্রেটেস্ট হিটস’ অ্যালবামটি। এখন পর্যন্ত অ্যালবামটির পাঁচ কোটি আট লাখ ৬৩ হাজার কপি বিক্রি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে বিটলসের অষ্টম স্টুডিও অ্যালবাম ‘সার্জেন্ট পিপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’। এখন পর্যন্ত অ্যালবামটির পাঁচ কোটি ৪৪ হাজার কপি বিক্রি হয়েছে। চার কোটি নয় লাখ ৮৯ হাজার কপি বিক্রি হওয়ার সুবাদে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ‘অ্যাবা-গোল্ড: গ্রেটেস্ট হিটস’ অ্যালবামটি। চার কোটি পাঁচ লাখ ১৭ হাজার এবং চার কোটি দুই লাখ ৪৮ হাজার কপি বিক্রি হওয়ায় তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে যথাক্রমে ওয়েসিস ব্যান্ডের ‘হোয়াট’স দ্য স্টোরি মর্নিং গ্লোরি’ এবং মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’। তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে ডায়ার স্ট্রেইটসের ‘ব্রাদার্স ইন আর্মস’ (চার কোটি এক লাখ ৫২ হাজার কপি), অ্যাডেলের ২১ (চার কোটি এক লাখ ৪২ হাজার কপি), পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ (চার কোটি এক লাখ ১৪ হাজার কপি), মাইকেল জ্যাকসনের ‘ব্যাড’ (তিন কোটি নয় লাখ ৫৯ হাজার কপি) এবং কুইন ব্যান্ডের ‘গ্রেটেস্ট হিটস ২’ (তিন কোটি আট লাখ ৮৭ হাজার কপি)।