পিংকির আত্মহত্যার প্ররোচনা মামলায় মুরাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নাশফিয়া আখন্দ পিংকির (১৪) আত্মহত্যার প্ররোচনা মামলায় আসামি মুরাদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ। মহানগর হাকিম সৈয়দা মিনহাজ-উম মনিরার আদালত মুরাদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী পিংকির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য অভিযুক্ত মুরাদকে পুলিশ গতকাল ভোরে খুলনার খালিশপুর থেকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত মঙ্গলবার গলায় শাড়ি পেঁচানো অবস্থায় পিংকির লাশ উদ্ধার করা হয়। সে তার চাচার বাড়িতে থেকে লেখাপড়া করত। স্কুলে যাওয়ার সময় বখাটেরা উত্ত্যক্ত করায় পিংকি আত্মহত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।