পিংকির আত্মহত্যায় প্ররোচনার জন্য অভিযুক্ত মুরাদ গ্রেপ্তার
শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী নাশফিয়া আখন্দ পিংকির (১৪) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য অভিযুক্ত মুরাদকে পুলিশ আজ শনিবার ভোরে খুলনার খালিশপুর থেকে গ্রেপ্তার করেছে। পিংকির চাচা আলী আশরাফ আখন্দ প্রথম আলোকে মুরাদের গ্রেপ্তার হওয়ার কথা জানান। এদিকে প্রথম আলোর খুলনা অফিস খালিশপুর থানার পুলিশের বরাত দিয়ে মুরাদের গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করেছে।এদিকে আজ শনিবার সকালে শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করে। তারা কোনো আশ্বাস নয়, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানায়। উল্লেখ্য, গত মঙ্গলবার গলায় শাড়ি পেঁচানো অবস্থায় পিংকির লাশ উদ্ধার করা হয়। সে তার চাচা বাড়িতে থেকে লেখাপড়া করত। স্কুলে যাওয়ার সময় বখাটেরা উত্ত্যক্ত করায় পিংকি আত্মহত্যা করেছে বলে তার পারিবার অভিযোগ করেছে।