পিংকির নগ্ন ভিডিও অনলাইনে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সোনাজয়ী নারী দৌড়বিদ হিসেবে স্বীকৃতি পাওয়ার পরও আইনি লড়াই লড়তে হচ্ছে পিংকি প্রামাণিককে। মেয়ের ছদ্মবেশে তিনি আসলে একজন পুরুষ, এমন অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এই অ্যাথলেটের বিরুদ্ধে। শুধু তা-ই না, ধর্ষণের অভিযোগে এখন কারাগারেও বন্দী আছেন তিনি। সম্প্রতি আরও বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পিংকিকে। আজ তাঁর লিঙ্গ পরীক্ষার একটি ভিডিও অনলাইনে প্রকাশ করে দেওয়া হয়েছে এমএমএসের মাধ্যমে। যার ফলে কঠিন অপমান ও হয়রানির মুখে পড়তে হয়েছে এই ভারতীয় অ্যাথলেটকে।দক্ষিণ ২৪ পরগনার একটি নার্সিং হোমে পিংকির লিঙ্গ পরীক্ষা করা হয়। এ সময় করা একটি ২৯ সেকেন্ডের ভিডিও অনলাইনে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে পিংকি পুরোপুরি নগ্ন হয়ে ডাক্তারি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এর আগেও দুবার এ রকম পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। আর এবারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির পর পিংকি প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী তুহিন রায়। তিনি বলেছেন, ‘লিঙ্গ পরীক্ষার নামে বারবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যেতে হচ্ছে পিংকিকে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও শারীরিকভাবে উত্পীড়নের শিকার হচ্ছেন।’পিংকি নিজে বলেছেন, ‘আমি আমার জীবনে কখনো এমন অপমান ও বিপর্যস্ত অবস্থার মুখে পড়িনি।’ কিন্তু এখন চাইলেও এই অবস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না পিংকি। কারণ, তিনি নিজেই আছেন কারাগারের ভেতর। তাঁর আইনজীবী তুহিন রায় বলেছেন, ‘আমি এই ভিডিও ক্লিপটার কথা শুনেছি। যদিও আমি এখনো সেটা দেখিনি। যারা এই কাজটি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। কিন্তু তার আগে ঘটনাটির ব্যাপারে পুলিশকে অবিহিত করতে হবে। কিন্তু যেহেতু পিংকি নিজেই কারাগারে আছেন তাই এ মুহূর্তে পুলিশের কাছে অভিযোগ করার মতো কেউ নেই।’পিংকি প্রামাণিকের এই নাজেহাল অবস্থার অবসান দাবি করে বিবৃতি দিয়েছেন ভারতের নারী অ্যাথলেটরা। সাবেক জাতীয় নারী সুইমিং চ্যাম্পিয়ন বুলা চৌধুরী বলেছেন, ‘অন্য কিছু প্রমাণ হওয়ার আগ পর্যন্ত পিংকি একজন নারী অ্যাথলেট। কিন্তু পুলিশ যেভাবে তাঁকে ভ্যান থেকে টেনেহিঁচড়ে নামাচ্ছে, সেটা একেবারেই গ্রহণযোগ্য না।’ এশিয়ার আরেক স্বর্ণপদক জয়ী অ্যাথলেট জ্যোতির্ময়ী শিকদার বলেছেন, ‘এত দিন পরেও পিংকির লিঙ্গ পরীক্ষার ফলাফল পূর্ণাঙ্গ হয়নি। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আর তার পরও তাঁকে কেন কারাগারে আটকে রাখা হয়েছে?’গত মাসে পিংকি প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মামলা করেন এক মহিলা। এরপর ১৪ জুন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিন বছর আগে অ্যাথলেটিকসকে বিদায় বলা পিংকি ২০০৬ সালে দোহার এশিয়ান গেমসে ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতেছিলেন। একই বছর মেলবোর্ন কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন এই ভারতীয় অ্যাথলেট।