পিএসএসসি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের প্রাইমারি স্কুল স্টুডেন্টস কাউন্সিল (পিএসএসসি) গঠনের সিদ্ধান্ত প্রাথমিক স্কুল পর্যায় থেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে। এ ছাড়া শিক্ষার্থীরা গণতান্ত্রিক ও সুশৃঙ্খল মানসিকতায় বেড়ে উঠবে।প্রধানমন্ত্রী একই সঙ্গে ২০১৪ সাল নাগাদ দেশকে সম্পূর্ণ নিরক্ষরমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যত্ নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিএসএসসির প্রথম সম্মেলনে ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিটি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা সঠিক জায়গায় গণতন্ত্রের বীজ বপন করেছি।’ তিনি বলেন, শৈশব থেকেই একজন শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরিতে পিএসএসসি কার্যকর ভূমিকা পালন করবে। এ ছাড়া তা শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টিতেও সহায়ক হবে।শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে গড়তে চেয়েছিলেন। এ জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পর অর্থনৈতিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরাই হবে বঙ্গবন্ধুর সোনার ছেলে, যাদের নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ এবং ২০২১ সালেরও আগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব।’ছোট ছোট শিক্ষার্থীদের পাঠাভ্যাসে উত্সাহিত করতে বিনা মূল্যে তাদের রঙিন পাঠ্যপুস্তকের নতুন সেট দেওয়া হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিক্ষকদের জন্য নতুন পদ সৃষ্টি এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) প্রতিষ্ঠা করা হচ্ছে। কোচিং ব্যবসা বন্ধে সরকারের নেওয়া পদক্ষেপের উল্লেখ করে তিনি এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা বিভাগের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বক্তব্য দেন। বাসস।