পিএসসিতে পরীক্ষাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশন (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডার—উভয় পদে শুধু নিয়োগ পরীক্ষা নিতেই দুই থেকে আড়াই বছর সময় নিচ্ছে। এই দীর্ঘসূত্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। এতে তাঁদের জীবন থেকে মূল্যবান সময় যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি মন্ত্রণালয়গুলোর শূন্যপদও বছরের পর বছর পূরণ করা যাচ্ছে না।রাষ্ট্রপতির কাছে দেওয়া পিএসসির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত বছর বিসিএসসহ মোট ৮৮টি পরীক্ষা নিয়েছে পিএসসি। এর মধ্যে ১৯টি পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি, আর যেসব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তার প্রায় সব কটি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৭ বা ২০০৮ সালে। তবে তাঁদের নিয়োগ-প্রক্রিয়া এখনো চলছে।এর মধ্যে ২৮তম বিসিএসের নিয়োগ-প্রক্রিয়া চলছে আড়াই বছর ধরে। প্রশাসনের বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭২০টি শূন্যপদ পূরণের জন্য ২০০৭ সালের ১২ আগস্ট পিএসসিতে অধিযাচন (রিকুইজিশন) পাঠায় সংস্থাপন মন্ত্রণালয়। ২০০৮ সালের ২২ জানুয়ারি ২৮তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করে পিএসসি। ওই বছরের নভেম্বরে প্রাথমিক বাছাই এবং গত বছর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি।এক বছর ধরে চলছে ২৯তম বিসিএসের নিয়োগ-প্রক্রিয়া। এর মধ্যে চলতি মাসে ৩০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর ২৭তম বিসিএসের জটিলতা চলছে চার বছর ধরে, গড়িয়েছে আদালত পর্যন্ত।এমন বাস্তবতায় গত মাসে অনুষ্ঠিত সচিবদের সভায় সরকারের সচিবেরা পিএসসিকে তিনটি ভাগ করার সুপারিশ করেছেন। কারিগরি পদ, ক্যাডার এবং নন-ক্যাডারে নিয়োগসহ সার্বিক প্রক্রিয়া দেখবে এই তিন বিভাগ। সূত্র জানায়, এই সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।পিএসসির ২০০৮ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ওই বছর ২৭তম বিসিএসসহ মোট ৭০টি পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু ৪১টি পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। একই বছর নন-ক্যাডার পরীক্ষায় মাত্র ৮৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।পিএসসির সূত্রে জানা গেছে, নন-ক্যাডার পরীক্ষার নিয়ম বদলানোর কারণেই এ সমস্যা হচ্ছে। এ তথ্যের প্রমাণ মেলে পিএসসির ২০০৬ সালের বার্ষিক প্রতিবেদন থেকে। ওই বছর নন-ক্যাডার পদে এক হাজার ৫০১ প্রার্থীর নিয়োগ দেওয়া হয়। অথচ গত দুই বছরে মাত্র ৩৫৮ জনকে নিয়োগ দিতে পেরেছে প্রতিষ্ঠানটি।এ বিষয়ে বক্তব্য জানার জন্য প্রথম আলোর পক্ষ থেকে পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইনের সঙ্গে যোগাযোগ করলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এ সরকারের সময় নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পিএসসি এখন একজন ব্যক্তির ইচ্ছাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারের উদ্যোগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।পিএসসির দীর্ঘসূত্রতা নিয়ে জানতে চাইলে সাবেক মহাহিসাব নিরীক্ষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, সরকারের মূল পদের নিয়োগ নির্ভর করে পিএসসির ওপর। এখানে কোনো দীর্ঘসূত্রতা হলে কর্মক্ষেত্রে জনবলসংকট হয়। ফলে সরকার পরিচালনায় অনেক অসুবিধা দেখা দিতে পারে।সাবেক এই উপদেষ্টা বলেন, মেধাবী শিক্ষার্থীরা মূলত পিএসসির পরীক্ষায় অংশ নেয়। বিলম্বিত ফলাফল তাঁদের মনের ওপর নেতিবাচক প্রভাব তৈরি করে। ফলে অনেক সময় মেধাবীরা সরকারে আসতে উৎসাহ হারিয়ে ফেলে। এতে প্রশাসন দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।বিসিএস নিয়ে জটিলতা: ২৮তম বিসিএসের ফলাফল না দিয়েই গত বছরের ৬ জানুয়ারি ২৯তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করা হয়। ১৪ আগস্ট প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হয়। চলতি মাসে শেষ হয়েছে লিখিত পরীক্ষা। আগের গতিতে চললে এই পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক পরীক্ষা নেওয়া, চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে আরও এক থেকে দেড় বছর লেগে যাবে।২৮তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার পর পিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান সা’দত হুসাইন বলেছিলেন, প্রতিবছরের জানুয়ারিতে পিএসসি নতুন করে বিসিএসের প্রজ্ঞাপন জারি করে, কিন্তু এ বছরের জানুয়ারি তা করেনি। ৩০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে মার্চের দ্বিতীয় সপ্তাহে।বিসিএস নিয়ে এই দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, একটি বিসিএস পরীক্ষার নিয়োগ শেষ করতে যদি তিন বছর লাগে, তাহলে দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় অংশ নেওয়ার মতো বয়স অনেক সময় থাকে না। এতে অসংখ্য শিক্ষার্থী সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানান। পরে তাঁর কার্যালয় থেকে জানানো হয়, গোপনীয় শাখায় ২৮তম বিসিএসের ফল প্রকাশের কাজ চলছে। এ ব্যাপারে পরিচালক (পরীক্ষা) বিবেকানন্দ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।সেখানে যোগাযোগ করা হলে বিবেকানন্দ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনি ২৮তম বিসিএসের ব্যাপারে কিছু জানেন না। তবে তিনি ২৯ ও ৩০তম বিসিএস নিয়ে কাজ করছেন। এই দুই পরীক্ষার প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে বলে দাবি করেন তিনি।দীর্ঘসূত্রতা নন-ক্যাডারেও: ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী থানা শিক্ষা কর্মকর্তার ৬২৫টি পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় পিএসসি। গত বছর এর লিখিত পরীক্ষা হয়। এ বছর মাত্র মৌখিক সাক্ষাত্কার নেওয়া হয়েছে। নিয়োগ-প্রক্রিয়া এখনো শেষ হয়নি।পিএসসির গত বছরের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর বিভিন্ন পদের বিপরীতে শুধু সাক্ষাত্কারের পর নিয়োগ দেওয়া হবে এমন ২৯টি পরীক্ষা নিয়েছে পিএসসি। এর মধ্যে একটি বাদে বাকি সব কটি পরীক্ষার প্রজ্ঞাপনই ২০০৬ ও ২০০৮ সালে হয়েছে। অর্থাৎ শুধু মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দিতেও পিএসসির দুই থেকে আড়াই বছর লেগেছে।গত বছর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৬ ধরনের পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি পরীক্ষাই ছিল ২০০৮ সালের এবং ১০টি ছিল ২০০৭ সালের।পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, আগে নন-ক্যাডার পরীক্ষার জন্য ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা হতো। এতে স্বল্প সময়ে নিয়োগ দেওয়া যেত। কিন্তু ২০০ নম্বরের লিখিত পরীক্ষার কারণে সময় লেগে যাচ্ছে। এতে করে ছেলেমেয়েদের চাকরির বয়স চলে যাওয়াসহ নিয়োগ-জটিলতাও বাড়ছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আম্বিয়া খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়, দীর্ঘসূত্রতা হচ্ছে এটি ঠিক; কিন্তু পিএসসিও বসে নেই। নিয়মিতই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহেই কোনো না কোনো পরীক্ষা চলছে।আটকে আছে ১৯ পরীক্ষার ফলাফল: শ্রম পরিদপ্তরের রেজিস্ট্রারের পাঁচটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০০৮ সালের ৩ ডিসেম্বর। দুই বছর পর গত বছরের ৩০ অক্টোবর লিখিত পরীক্ষা হয়। এখনো মৌখিক পরীক্ষা বাকি। ফলে কবে এই পরীক্ষার্থীদের মধ্যে যোগ্য শিক্ষার্থীরা নিয়োগ পাবেন, তা বলা মুশকিল।শ্রম মন্ত্রণালয়ের অধীন মেডিকেল পরিদর্শকের একটি এবং প্রকৌশল পরিদর্শকের পাঁচটি পদে নিয়োগের জন্য ২০০৮ সালের ৩ ডিসেম্বর প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। এর মধ্যে পরিদর্শক প্রকৌশলের পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা (মডারেশন) চলছে। অন্য পরীক্ষার প্রশ্নই এখন পর্যন্ত করা হয়নি।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ২০০৮ সালের ৩১ ডিসেম্বর। শ্রম পরিদপ্তরের সহকারী পরিদর্শক পদের জন্য প্রজ্ঞাপন দেওয়া হয় ২০০৮ সালের ৩ ডিসেম্বর। লিখিত পরীক্ষা হলেও এখনো খাতা দেখা হয়নি।একই মন্ত্রণালয়ের লাইব্রেরিয়ানের একটি এবং মেডিকেল অফিসারের ১০টি পদে লোক নিয়োগের জন্য গত বছরের ২৯ জানুয়ারি প্রজ্ঞাপন দেওয়া হয়। আর কোনো অগ্রগতি জানা যায়নি।জেলা ক্রীড়া কর্মকর্তার ২৭টি পদ এবং শ্রম পরিদপ্তরের অডিও ভিজুয়াল কর্মকর্তার একটি পদের জন্য গত বছরের ৭ জুন প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। এখানেও আর কোনো অগ্রগতির খবর নেই। সমাজসেবা অধিদপ্তরের সহকারী ডিজাইনার পদের জন্য গত বছরের ৭ মে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। এখনো প্রশ্নপত্র তৈরি করা হয়নি।দীর্ঘসূত্রতার পেছনে বিভক্তি: পিএসসি এখন কার্যত দুই ভাগে বিভক্ত। চেয়ারম্যানের নেতৃত্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়া ছয় সদস্য এক পক্ষ, আর বর্তমান সরকারের সময় নিয়োগ পাওয়া আট সদস্য অন্য পক্ষে।নতুন আট সদস্য পিএসসির চলমান সমস্যা সমাধানে চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন, নিয়োগ-প্রক্রিয়াসহ বেশির ভাগ ক্ষেত্রেই তাঁদের মতামত নেওয়া হচ্ছে না। এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছেন চেয়ারম্যান।পিএসসির একজন সদস্য গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নিয়োগ-প্রক্রিয়ায় ধীরগতি, নতুন নতুন নিয়ম করে জটিলতা সৃষ্টি, একভাবে সিদ্ধান্ত নেওয়া—সবকিছুর নেতিবাচক ফল ভোগ করতে হচ্ছে সরকারি চাকরিপ্রার্থীদের। এতে শেষ পর্যন্ত সরকারও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।