পিএসসির উপপরিচালক ফারজানা মাহবুবকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেষণে কর্মরত সরকারি কর্মকমিশনের (পিএসসি) উপপরিচালক ফারজানা মাহবুবকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে আজ সোমবার তাঁকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে বিক্ষোভের ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত বৃহস্পতিবার একজন পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করেন ফারজানা মাহবুব। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা ফারজানা মাহবুবকে প্রত্যাহার, চেয়ারম্যানের পদত্যাগসহ ১৫ দফা দাবি করেন। পরে তাঁরা বিষয়টি কমিশন সচিবালয়ের সচিব চৌধুরী বাবুল হাসানকে জানান। তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত সময় চেয়ে নেন।কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্যসচিব আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ফারজানা মাহবুবকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া তাঁরা ১৪ দফা দাবি দিয়েছিলেন। তাঁদের বলা হয়েছে, দাবিগুলো অনেক দিন আগের। কাজেই সর্বশেষ অবস্থা অনুযায়ী যেন দাবিগুলো করা হয়। তাঁরা সে অনুযায়ী দাবিগুলো সংশোধন করছেন।পিএসসির সচিব চৌধুরী বাবুল হাসান জানান, একজন উপপরিচালককে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়সংগত বাকি দাবিগুলোর বিষয়ও খতিয়ে দেখা হবে।