পিএসসির কর্মকর্তা ও বিজি প্রেসের কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফ ও বিজি প্রেসের কম্পোজিটর শহীদুল ইসলাম ফকিরকে গতকাল বরখাস্ত করা হয়েছে।বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে শহীদুল অফিসে আসছেন না। ১১ জুলাই চিঠি দিয়ে তাঁকে ১৩ জুলাইয়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু কাজে যোগ না দেওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। রংপুরের পুলিশ জানিয়েছে, শহীদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।বিজি প্রেস সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত বিজি প্রেসের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ছে। পাঁচ কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে তদন্তকাজ আরও বিশদভাবে করার জন্য কমিটি মুদ্রণ লেখাসামগ্রী, ফরম ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সময় চেয়েছে।প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত কমিটির প্রধান ওই অধিদপ্তরের পরিচালক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, তাঁরা মহাপরিচালকের কাছে সময় চেয়েছেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, কমিটি তা খুঁজে দেখছে। এ ক্ষেত্রে কী কী ত্রুটি ছিল, তাও খুঁজে দেখা হবে।এ পর্যন্ত কী কী ত্রুটি চিহ্নিত হয়েছে, জানতে চাইলে আবুল কাশেম বলেন, তল্লাশি কার্যক্রমে ত্রুটি ছিল। কারণ, গোপনীয় শাখা থেকে বের হওয়ার সময় প্রত্যেকের শরীর ভালোভাবে তল্লাশি করার কথা। গোপনীয় শাখার পুলিশ সেই কাজটি ঠিকভাবে করতে পারলে একটি কাগজও বের হওয়ার কথা নয়। তদন্ত প্রতিবেদনে এ বিষয়গুলো বলা হবে।প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন পিএসসির সাবেক সদস্য মাহফুজুর রহমান। গতকাল তিনি প্রথম আলোর কার্যালয়ে ফোন করে বলেন, অতীতেও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এখনো একটি পক্ষ তাঁকে এ ঘটনায় ফাঁসাতে চাইছে। কিন্তু তিনি এসবের কিছুই জানেন না। আর রংপুরে তাঁর আত্মীয় হিসেবে আতিকুল নামে যাঁর কথা বলা হচ্ছে, তিনি আসলে তাঁর অনেক দূরের আত্মীয়। তিনি কোনো দিন তাঁকে দেখেননি। কখনোই তাঁদের বাড়িতেও যাননি।মাহফুজুর রহমান বলেন, ‘আমি এখন একটি নির্ঝঞ্ঝাট জীবন যাপন করছি। কোনো কিছুতেই নেই। আমি চাই না, আমাকে নিয়ে কেউ কোনো ঝামেলা করুক।’