পিএসসির সদস্যের বাসায় হামলার চেষ্টা
সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য এমরান কবির চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসায় হামলা চালানোর চেষ্টা করেছেন ২০-২৫ জন যুবক। আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।কবির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩/সি ফুলার রোডের দোতলা বাসায় থাকেন। পারিবারিক সূত্র জানায়, আজ রাতে পৌনে নয়টার দিকে ২০-২৫ জন তরুণ তাঁর বাসায় গিয়ে দরজা ধাক্কাতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সেখানে পুলিশ এলে তাঁরা চলে যান। ফুলার রোডের ওই আবাসিক এলাকার দারোয়ান শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একেবারে ২০ থেকে ২৫ জন যুবক আসে। আমি তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা আমাকে গালি দেয় এবং বলে তারা ছাত্রলীগের নেতা। আমি তাদের আটকাতে পারিনি।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, যারাই এই কাজ করুক, তারা সন্ত্রাসী। তবে ছাত্রলীগের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি।ঘটনার বিষয়ে জানতে চাইলে এমরান কবীর চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি ঘটনাটা দেখছি। কারা কেন এ কাজ করছে দেখি। প্লিজ এ বিষয়ে কোনো মন্তব্য নয়।’এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রাতে প্রথম আলোকে বলেন, ‘কিছু তরুণ ওই বাসায় গিয়ে দরজায় লাথি মেরে চলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিসিএসের ফলাফল হওয়ার পর এ ঘটনা ঘটছে বলে আমরা ধারণা করছি। চাকরি না পেয়ে কেউ এ কাজ করতে পারে। তবে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’