পিকেটারদের ইটের আঘাতে ট্রাকচালক নিহত
ফেনীতে হরতাল-সমর্থনকারী পিকেটারদের ইটের আঘাতে আহত ট্রাকচালক নুর মোহাম্মদ (৩৪) চিকিত্সাধীন অবস্থায় আজ সোমবার মারা গেছেন। নুর মোহাম্মদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামে। গতকাল রোববার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর মোক্তারবাড়ির দরজা এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে পিকেটারদের ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে আজিজ ফাজিলপুর মোক্তারবাড়ির দরজা এলাকায় বিএনপির সমর্থক পিকেটাররা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী আটা-ময়দার প্যাকেট বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে উপস্থিত হয়। পিকেটাররা ট্রাকটিকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের কাচ ভেঙে চালক নুর মোহাম্মদ মাথায় আঘাত পান।খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর মোহাম্মদকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।