পিকেটারদের হামলা, লাশ হলেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে পিকেটারদের হামলার শিকার হতে পারেন, তাই গতকাল রোববার কোনো ভাড়া (ট্রিপ) নেননি আবদুর রশিদ। ভাড়া না ধরলেও গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক বন্ধুর অফিসে। সেখান থেকে ফেরার পথে সেই পিকেটারদের হামলার শিকার হয়েই তিনি লাশ হয়ে ঘরে ফেরেন।এ ব্যাপারে গতকাল রোববার সাভার থানায় হত্যা মামলা হয়েছে। মামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি গতকাল বিকেলে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যায় স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়ি চলে যান।নিহত আবদুর রশিদ রংপুরের পীরগাছা উপজেলার বড় দরগা খরখরিরহাট গ্রামের মোস্তফা কামালের ছেলে। বছর দশেক আগে তিনি সাভারে এসে গাড়ি চালাতে শুরু করেন। মাস দুয়েক আগে ধার-দেনা করে লাখ পাঁচেক টাকায় একটি গাড়ি (ঢাকা-মেট্রো-গ-১১-৮৭৯৩) কেনেন। গাড়িটি তিনি নিজেই চালাতেন। থাকতেন সাভার পৌরসভার রাজবাড়ী এলাকায়।পরিবার সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। এরপর তিনি প্রতিদিনের মতো গাড়িটি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে যান। সাভার থানার পুলিশ ও গেন্ডা বাসস্ট্যান্ডে অপর এক গাড়িচালক সাইফুল ইসলাম জানান, গেন্ডা বাসস্ট্যান্ডে আসার পর তিনি ঢাকার একটি ভাড়া পেয়েছিলেন। কিন্তু পিকেটারদের হামলার ভয়ে তিনি ভাড়াটি ছেড়ে দেন। যদিও তখন মহাসড়কে কোনো পিকেটার ছিল না। হালকা যানবাহনও চলাচল করছিল মহাসড়কটিতে। ভাড়া ছেড়ে দিয়ে তিনি গেন্ডা এলাকার একটি সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে গাড়িটি নিয়ে সাভারের হেমায়েতপুরে এক বন্ধুর অফিসে যান। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাড়ি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার অদূরে শোভাপুর এলাকার নাভানা ফার্নিচারের কাছে পৌঁছলে পিকেটারদের হামলার শিকার হন। এ সময় দ্রুত গাড়ি নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবদুর রশিদের লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক সাইদুল ইসলামসহ আরও অনেকে জানান, সকাল ১০টার দিকে নাভানা ফার্নিচার-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল-সমর্থক পিকেটাররা পিকেটিং করছিল। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড ও ইটপাটকেল। আবদুর রশিদ ঢাকার দিক থেকে গাড়িটি নিয়ে সাভার ফেরার পথে ওই এলাকায় পৌঁছলে পিকেটাররা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় রশিদ গাড়ির গতি কমিয়ে দিলে পিকেটাররা তাঁর গাড়ির দিকে এগিয়ে যায়। এ সময় ভয়ে রশিদ গাড়িটি ঘুরিয়ে দ্রুত ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় বিকট শব্দে তাঁর গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে গাড়ি ও গাছের সঙ্গে তাঁর দেহ আটকে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।এ ব্যাপারে নিহতের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে গতকাল রোববার সাভার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন সরকার, তাঁর ভাই আমান উল্লাহ সরকারসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।