পিকেটারশূন্য নিরুত্তাপ হরতাল
ইসলামী ও সমমনা ১২ দলের ডাকে আজ বৃহস্পতিবার রাজধানীতে অর্ধদিবস হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। তবে রাজধানীর বাইরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। প্রায় পিকেটারশূন্য এ হরতালে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সকালের দিকে রাজধানীর সড়কগুলোতে গাড়ির সংখ্যা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। গত ১৮ ডিসেম্বর দুটি বাম জোটের ডাকা হরতালে রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসির বাস চলাচল না করলেও আজ নগরীর বিভিন্ন রুটে সংস্থাটির বাস চলাচল করছে। প্রধান সড়কগুলোতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাস চলাচল করতে দেখা গেছে। রাজধানীর অধিকাংশ এলাকায় হরতাল আহ্বানকারীদের উপস্থিতি ছিল না বললেই চলে।নিউমার্কেট থানার ডিউটি অফিসার ফয়সল আহমেদ জানিয়েছেন, রাজধানীর কাঁটাবন এলাকায় সকাল নয়টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টাকালে নয় যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাকিরা বহিরাগত। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মিরপুর, বিজয় সরণি, কাজিপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেটসহ বিভিন্ন সড়কে বসানো হয় তল্লাশি কেন্দ্র। রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও এর আশপাশের এলাকায় প্রচুর পুলিশ এবং জলকামান মোতায়েন করা হয়।এদিকে ইসলামী ও সমমনা ১২ দলের মধ্যে আটটি দলের নেতারা বলেন, আজকের হরতালে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ এ বিষয়ে সংগঠনে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। তবে হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। ১২ দলের যুগ্ম আহ্বায়ক শাহ আহমাদুল্লাহ আশরাফ গতকাল পৃথক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার আহ্বান জানান। তাঁদের পক্ষ থেকে বলা হয়, সকাল-সন্ধ্যার পরিবর্তে আজ বৃহস্পতিবার ঢাকায় আধাবেলা হরতাল পালন করা হবে। এ ছাড়া নির্বাচনের কারণে রংপুর সিটি করপোরেশন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। তবে ঢাকার বাইরে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বামপন্থী বিভিন্ন দলের ডাকা মঙ্গলবারের হরতালের পরিপ্রেক্ষিতে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা ১২ দল কমিউনিস্টদের রাজনীতি নিষিদ্ধ ও ইসলাম নির্মূলের চক্রান্তের বিরুদ্ধে এই হরতালের ডাক দেয়।