পিকেটারের ধাওয়ায় বাস ঢুকে পড়ল চায়ের দোকানে, নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকেটারের ধাওয়ায় যশোর সদর উপজেলার উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় আজ বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকানের ওপরে উঠে যায়। এ সময় বাসের ধাক্কায় চায়ের দোকানে বসে থাকা নির্মাণশ্রমিক হাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দোকানের কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস যশোর শহরে ঢোকার পথে উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় কয়েকজন পিকেটার বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আত্মরক্ষার জন্যে চালক দ্রুত বাস নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের চারটি দোকানের ওপরে উঠে যায়। ক্ষতিগ্রস্ত চায়ের দোকানের স্বত্বাধিকারী বাবু হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সকালে হঠাত্ একটি বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে পাশের আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বাবু হোসেন আরও বলেন, ‘দুর্ঘটনার পরে শুনেছি, ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরের টিঅ্যান্ডটি মোড় থেকে হরতাল সমর্থকেরা বাস লক্ষ্য করে ঢিল ছোড়ে। যার জন্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।’ এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে পুলিশ লাইনে রাখা হয়েছে।’