পিকেটিং, ভাঙচুর করবে না ইসলামী ১২ দল
কোনো ধরনের পিকেটিং, জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙচুর ছাড়াই আগামী বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন হবে বলে দাবি করেছে ইসলামী ও সমমনা ১২ দল।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর লালবাগের কিল্লার মোড়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান এ দাবি করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আজ বাম দলগুলোর হরতালে পুলিশ যেভাবে সহযোগিতা করেছে, বৃহস্পতিবারও সেই ভূমিকায় থাকবে।’ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বামদলগুলোর ডাকা আজকের হরতালের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতাল ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল। হরতালে ১২ দল মাঠে থাকবে কি না—এ প্রশ্নের জবাবে জাফরুল্লাহ খান বলেন, ‘আমরা হরতাল আহ্বান করেছি। ইমানি তাগিদে যাঁরা মাঠে আসবেন, তাঁদের স্বাগত জানাব। পিকেটিংয়ের দরকার হলে জনগণই করবে। তবে আমরা জ্বালাও পোড়াও করব না, মানুষ মারব না।’জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ডাকা হরতাল জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে—এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে জাফরুল্লাহ খান বলেন, ‘এ এক ঐতিহাসিক কাণ্ড। পুলিশ যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে হেঁটে যেতে বাধ্য করেছে। সরকার নিয়ন্ত্রিত বিআরটিসি বাস পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ইসলামী রাজনীতি বন্ধে সরকারের ইচ্ছা বামপন্থীদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায় সরকার। এটা এখন পরিষ্কার হয়ে গেছে।’লিখিত বক্তব্যে ১২ দলের পক্ষ থেকে বলা হয়, কমিউনিস্টরা সরকারের প্রকাশ্য মদদে হরতালের ডাক দিয়ে সরাসরি পবিত্র কোরআন, সুন্নাহ ও মুসলিম উম্মার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জনগণ তাদের এ হরতাল প্রত্যাখ্যান করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শাহ আহমদুল্লাহ আশরাফ, আহমদ আলী প্রমুখ।