পিকেটিং করায় রাজশাহীতে শিবিরের এক কর্মী দণ্ডিত
হরতালে পিকেটিং করার সময় রাজশাহীতে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।দোষ স্বীকার করায় তাঁদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আক্তার জাহান এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই শিবিরকর্মীর নাম রফিকুল ইসলাম। তিনি রাজশাহী কলেজের ছাত্র। দোষ স্বীকার না করায় রফিকুল ইসলামের সঙ্গে থাকা শিবিরের অন্য কর্মী ও নিউ ডিগ্রি কলেজের ছাত্র মাহমুদ হাসানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালিয়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন বলেন, মাহমুদ হাসানকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।এ ছাড়া রাজশাহীতে শান্তিপূর্ণভাবে হরতাল পলিত হয়েছে। সকাল থেকে কোনো যানবাহন চলাচল না করায় নগরের রাস্তাঘাট ফাঁকা ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বাস-টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। হরতালের সমর্থনে সকাল সাড়ে ছয়টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে এবং বেলা ১১টার দিকে হরতালের প্রতিবাদে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সাহেববাজার এলাকায় মিছিল বের করা হয়।