পিকেটিং: নোয়াখালীতে ১৯ পিকেটারকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন পিকেটিং ও পুলিশের ধাওয়ার মধ্য দিয়ে নোয়াখালীতে ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা হরতাল চলছে। জেলার চৌমুহনী ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পিকেটিং এবং সড়কে ব্যারিকেড দেওয়ার ঘটনায় ১৯ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল আটটার দিকে জেলা শহরের সোনাপুর এলাকায় হরতাল সমর্থকেরা একটি বাস ভাঙচুর করে। স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই পিকেটাররা চৌরাস্তা ও চৌমুহনী বাজারে পিকেটিং করে এবং চৌমুহনী-লক্ষ্মীপুর, নোয়াখালী-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ব্যারিকেড দেয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পিকেটারদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এবং ১৯ জনকে আটক করে।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক আটক পিকেটারদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। চৌমুহনী শহর উপপরিদর্শক (টিএসআই) রাশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘হরতাল সমর্থক কয়েকজন বিভিন্ন স্থানে পিকেটিং করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা চালায়। আমরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’