পিকেটিংয়ের অভিযোগে ঝুলিয়ে পেটাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আজ রোববার হরতালে পিকেটিংয়ের অভিযোগে সরকারি বিএল কলেজের ছাত্র মাহমুদুল হক ওরফে টিটোকে থানায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পুলিশ। চোখ বেঁধে নির্যাতন করা হয় সরকারি আযম খান কমার্স কলেজের ছাত্র ফেরদাউসুর রহমান ওরফে মুন্নাকেও।মাহমুদুল হকের বাড়ি নগরের টুটপাড়া কবরখানা মেইন রোডে। ফেরদাউসুর রহমানের বাড়ি নগরের শামসুর রহমান রোডে। তাঁরা দুজনই ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতাল চলাকালে সকাল ১০টার দিকে নগরের টুটপাড়া সেন্ট্রাল মোড়ে পিকেটিংয়ের সময় ছাত্রদল ও যুবদলের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটার ও পুলিশ একে অপরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় সদর থানার এএসআই শাহ আলম ও কনস্টেবল তারেক চন্দ্র মণ্ডলসহ পুলিশের পাঁচ-সাতজন সদস্য এবং ছাত্রদল-যুবদলের সাত-আটজন নেতা-কর্মী আহত হন।বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় এএসআই শাহ আলম বাদী হয়ে ফেরদাউসুর রহমান, মাহমুদুল হকসহ ১৭ জনের নাম উল্লেখ করে প্রায় ১৫০ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেছেন।দুপুর ১২টার দিকে পুলিশ তল্লাশি চালিয়ে ফেরদাউসুর রহমান ও মাহমুদুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানার সামনে অপেক্ষমাণ স্বজনদের অভিযোগ, থানার দ্বিতীয় তলায় নিয়ে মাহমুদুল হককে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে ওসি কামরুজ্জামান লাঠি দিয়ে অমানসিক নির্যাতন চালান। এ সময় ফেরদাউসুর রহমানকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়। তাঁদের চিত্কারে থানার নিচতলায় উপস্থিত সাংবাদিকেরা দোতলায় গেলে ওসি তাঁদের বের করে দেন। এর মধ্যেই নির্যাতনের কৌশলে ছবি দূর থেকে ধারণ করেন সাংবাদিকেরা।এ ব্যাপারে কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া টিটো ও মুন্না পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে। অল্পের জন্য পুলিশ প্রাণে রক্ষা পায়। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা বের করতে শুধু ভয় দেখাতেই তাদের ঝোলানো হয়। তবে নির্যাতন করা হয়নি। নির্যাতনের ছবি রয়েছে বলা হলে তিনি বলেন, ছবি থাকতে পারে। তবে আমি এ ঘটনা ঘটাইনি।’ তবে গ্রেপ্তার হওয়া টিটো ও মুন্না প্রথম আলোকে জানান, পুলিশ তাঁদের পিটিয়েছে।খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা থানায় ঝুলিয়ে নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুর রহমান মুঠোফোনে বলেন, থানার ভেতরে কোনো ব্যক্তিকে ঝুলিয়ে পেটানোর বিধান নেই। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। নগর বিশেষ শাখার উপপুলিশ কমিশনার হায়দার আলী খানকে এ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।