পিছিয়ে গেল অবতার ২-এর মুক্তি
‘অবতার ২’-এর জন্য উত্সুক দর্শকদের অপেক্ষার পালা আরও বাড়ল। প্রেক্ষাগৃহে গিয়ে অবতারের সিক্যুয়েল আর প্যান্ডোরা গ্রহটির দেখা পেতে এর দর্শকদের অন্তত পক্ষে ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্তত প্রযোজক জন ল্যানডাউয়ের বরাতে এমনটিই জানিয়েছে এম্পায়ার অনলাইন।এর আগে অবশ্য ২০১৪ সালের মধ্যেই অবতারের সিক্যুয়েল অবতার ২ ছবিটি মুক্তির কথা জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম। এমনকি সে সময় অবতার ২ মুক্তির পরের বছর অর্থাত্ ২০১৫ সালে ‘অবতার ৩’ আসবে—এমন কথাও শোনা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে, অবতার ২ ছবিটিই মুক্তি পাবে ২০১৫ সালের দিকে।এ প্রসঙ্গে অবতার সিক্যুয়েলের প্রযোজক জন ল্যানডাউ বলেছেন, ‘আমার ঠিক দিনক্ষণ হিসাব করে বলতে পারছি না। কিন্তু আমার মনে হয়, ২০১৪ সালের মধ্যে ছবি শেষ করা খুব কঠিন হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ছবিই মুক্তির দিনক্ষণ ঠিক করে। মুক্তির দিনক্ষণ ছবি বানায় না।’এদিকে যে ছবি নিয়ে এত কথাবার্তা সে ছবির নির্মাতা কিন্তু এসব বাগবিতণ্ডায় নেই। তিনি দিব্যি ছবি নিয়ে গবেষণায় মেতে আছেন। সম্প্রতি গভীরতম সমুদ্র তলদেশ মারিয়ানা ট্রেঞ্চ ঘুরে এসেছেন ক্যামেরন। অবশ্য টাইটানিকের থ্রিডি কনভারশনের কারণেও অবতার সিক্যুয়েলের কাজ খানিকটা পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রযোজক ল্যানডাউ। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা অবতারের সিক্যুয়েল ছবির কাজ শুরু করেছেন, ছবিটির জন্য মূল দলের সঙ্গে বসেছেন, নিউজিল্যান্ডের ইফেক্টস প্রতিষ্ঠান ওয়েটা ডিজিটালের সঙ্গেও ছবিটির স্পেশাল ইফেক্টের বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে। ওয়েটা ডিজিটাল সমুদ্র তলদেশের বিষয়ে ‘আন্ডার ওয়াটার মোশন ক্যাপচার সিস্টেম’ তৈরির কাজে হাত দিয়েছে বলে জানিয়েছেন ল্যানডাউ। অবতার-মুগ্ধ দর্শকেরা এর সিক্যুয়েল ছবির দুর্দান্ত সব দৃশ্যের জন্য আরও খানিকটা ধৈর্য ধারণ করবেন—এমনটাই আশা করছেন ল্যানডাউ।