পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। পণ্য খালাস করার সময় বেড়ে গেছে, উৎপাদনশীলতা কমেছে। যন্ত্রপাতিও আগের মতো সহজে পাওয়া যাচ্ছে না। এতে চট্টগ্রাম বন্দর ব্যবহারের খরচও বেড়ে যাচ্ছে।গত জুলাই মাসে চট্টগ্রাম বন্দরে ৬৬টি কনটেইনার জাহাজ প্রতিটি গড়ে অবস্থান করেছে প্রায় পাঁচ দিন। অর্থাৎ আমদানিপণ্য খালাস এবং রপ্তানিপণ্য বোঝাই করে বন্দর ত্যাগ করতে প্রতিটি জাহাজের গড়ে এই সময় লেগেছে। গত ৩৮ মাসের মধ্যে বন্দরে জাহাজের গড় অবস্থান সময় এটাই সর্বোচ্চ। গত সাত মাসে ক্রমান্বয়ে জাহাজের অবস্থান সময় বেড়েছে।বন্দরের দক্ষতা পরিমাপের পাঁচটি সূচক রয়েছে। যেমন—জাহাজের গড় অবস্থান, উৎপাদনশীলতা, কনটেইনারের গড় অবস্থানকাল, যন্ত্রপাতির সহজলভ্যতা ও বার্থ ব্যবহার। সবগুলোর সূচকেরই অবনতি ঘটেছে। এর মধ্যে উৎপাদনশীলতাই কমেছে সর্বোচ্চ আট শতাংশ। অথচ একই অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহার করে ২০০৮-০৯ অর্থবছরে এসব দক্ষতার সূচকে বন্দর ছিল এগিয়ে। বন্দরের দক্ষতাবিষয়ক বন্দর কর্তৃপক্ষের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ, বন্দরের কাজ পেতে ঠিকাদারদের প্রতিযোগিতা, সরকারের উচ্চপর্যায় থেকে ব্যক্তিবিশেষের হস্তক্ষেপসহ নানা কারণে এসব উদ্যোগ ব্যাহত হচ্ছে। এ কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক খাত। ভোগ্যপণ্যসহ শিল্পের কাঁচামালের ব্যয়ও বাড়ছে।এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বন্দর ব্যবস্থাপনার যে উন্নতি হয়েছিল, আমরা তা হারিয়ে ফেলেছি। তাই এখন খরচ বেড়ে যাবে, বাজারে পণ্যের দামে এর প্রতিফলন ঘটবে। পোশাকশিল্পও ক্ষতিগ্রস্ত হবে। সরকারের উচিত শক্ত হাতে বন্দর নিয়ে দলবাজি বন্ধ এবং শ্রমিক অসন্তোষ নিরসন করা।’পোশাক খাতে নতুন চ্যালেঞ্জ: চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়া (পোর্ট কেলাং ও তানজুম পালাপাস বন্দর)—এই তিনটি রুটে ৪৫টি ফিডার জাহাজ (মাঝারি আকারের কনটেইনার জাহাজ) চলাচল করে। এসব বন্দরে অপেক্ষমাণ বড় বড় জাহাজে (মাদার ভ্যাসেল) করে বাংলাদেশ থেকে আনা পণ্য ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে নেওয়া হয়।বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. মাহবুব আলী বলেন, চট্টগ্রাম বন্দরে এক-দুই দিন দেরি হলে মাদার ভ্যাসেল সময়মতো পণ্য বোঝাই করতে পারে না। এ কারণে সেখান থেকে পণ্য পরিবহনে এক থেকে দুই সপ্তাহ দেরি হচ্ছে।পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বন্দরের দক্ষতা কমে যাওয়ায় বিমানে পোশাক পরিবহনের হার আগের চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে কতজন টিকতে পারে সেটিই দেখার বিষয়। আমদানি-রপ্তানিতে বাড়তি ব্যয়: বন্দরের দক্ষতা কমায় জাহাজ ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে। আর এই ক্ষতি পুষিয়ে নিতে অপারেটররা দুটি পৃথক মাশুল আদায় করছেন। ফিডার অপারেটররা জানান, গত জুলাই মাস থেকে পণ্যভর্তি প্রতিটি কনটেইনারে ১০০ ডলার সারচার্জ এবং চলতি মাস থেকে ১২০ ডলার ‘ইমার্জেন্সি কস্ট রিকভারি’ মাশুল আদায় করা হচ্ছে। এ হিসাবে প্রতিটি কনটেইনারে আমদানি-রপ্তানিকারকদের ২২০ মার্কিন ডলার বেশি খরচ হচ্ছে। অর্থাৎ টনপ্রতি পণ্য পরিবহনে আগের চেয়ে খরচ বাড়ছে প্রায় এক হাজার ২৭৪ টাকা। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতি মাসে এক লাখ ইউনিটের বেশি কনটেইনার ওঠানামা করে। গত জুলাই মাসে এক লাখ ১৫ হাজার ৬৭৪ ইউনিট কনটেইনার ওঠানামা হয়। এ হিসাবে প্রতি মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ১৫০ কোটি টাকারও বেশি। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, বন্দরে পণ্য পরিবহনে যে বাড়তি ব্যয় হচ্ছে, তা ঘুরেফিরে ভোক্তাদের বহন করতে হবে।অবনতির পেছনের কারণ: বন্দরের সূচক পতনের পেছনে অন্যতম কারণ হিসেবে শ্রমিক অসন্তোষ ও জেটি পরিচালনা নিয়ে বেসরকারি সংস্থাগুলোর অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করা হচ্ছে।আইনি জটিলতার কারণে গত ১০ মে রাত থেকে বন্দরের নিজস্ব পরিচালনায় ১২টি জেটি পরিচালিত হচ্ছে। এর পর থেকেই পরিস্থিতির বেশি অবনতি হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে এই সময়ে অসংখ্যবার বন্দর অচল থেকেছে।জেটিতে দরপত্রের প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হওয়ায় বন্দরের দক্ষতা পুরোপুরি ধরে রাখা সম্ভব হয়নি বলে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতেই বন্দর কর্তৃপক্ষ স্বীকার করেছে বলে জানা গেছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ ছয়টি সাধারণ জেটি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিলেও বাকি ছয়টি এখনো দেয়নি। বরং নৌপরিবহন মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি দরপত্র ছাড়াই বেশি দরে ছয়টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এভাবে কাজ দেওয়া হলে শ্রমিক সংগঠনগুলো আন্দোলনের কর্মসূচি দেবে বলে ঘোষণা দিয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শামসুল হক চৌধুরী মনে করেন, বন্দরের কাজে সংসদীয় কমিটি হস্তক্ষেপ করছে না। বরং বন্দরের অবনতিশীল পরিস্থিতির উত্তরণে তারা সুপারিশ করছে।বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় জেটি পরিচালনার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে পুরোপুরিভাবে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হলে এই পরিস্থিতির উন্নতি হবে। সেই প্রক্রিয়া চলছে। পাঁচটি সূচকের পতন: বন্দরের মাসভিত্তিক তথ্যে দেখা যায়, ২০০৭ সালের মার্চ মাসে জাহাজের গড় অবস্থান ছিল ৮ দশমিক ৭৪ দিন। যৌথ বাহিনীর তদারকির কারণে পরের মাসেই তা নেমে হয় ৪ দশমিক ৬৭ দিন। ২০০৮-০৯ অর্থবছরে ছিল ২ দশমিক ৪৩ দিন। সদ্য সমাপ্ত অর্থবছরে এই সূচক বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৭৮ দিন। আর গত জুলাই মাসে তা হয়েছে ৪ দশমিক ৯৩ দিন।উৎপাদনশীলতা সূচক অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে বন্দরের সিসিটি জেটিতে ঘণ্টায় ১৫ দশমিক ১১ ইউনিট এবং জেসিবি জেটিতে ১২ দশমিক ১৪ ইউনিট কনটেইনার ওঠানামা হয়। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল সিসিটি জেটিতে ১৫ দশমিক ০৭ এবং জেসিবি জেটিতে ১২ দশমিক ০৬ ইউনিট। আর গত মে মাসে ঘণ্টায় গড়ে ১২ ইউনিট এবং জুনে ১২ দশমিক ০২ ইউনিট কনটেইনার ওঠানামা করে। খাদ্যশস্য খালাসেও বেশি সময় লাগছে এখন। এক বছর আগে যেখানে গড়ে ঘণ্টায় ৩০ দশমিক ৫১ টন খাদ্যশস্য খালাস হতো, এখন তা ২৮ দশমিক ০১ টনে দাঁড়িয়েছে। অর্থাৎ উৎপাদনশীলতা কমেছে আট শতাংশেরও বেশি।বন্দরে কনটেইনারের অবস্থান সময়ও বাড়ছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের তথ্যে দেখা যায়, এই সময়ে গড়ে প্রতিটি কনটেইনার অবস্থান করেছে যথাক্রমে ১৫ দশমিক ৪৫ দিন, ১৬ দশমিক ৮৭ দিন এবং ১৭ দশমিক ৫৩ দিন। যন্ত্রপাতির সহজলভ্যতার ক্ষেত্রেও পরিস্থিতি নিম্নমুখী। গত মে ও জুন মাসে যন্ত্রপাতির সহজলভ্যতা ছিল যথাক্রমে ৪০ দশমিক ৪৯ এবং ৪২ দশমিক ৫৯ শতাংশ। অথচ ২০০৮-০৯ অর্থবছরে এই হার ছিল ৪৪ দশমিক ৭৮ শতাংশ এবং ২০০৯-১০ অর্থবছরে ৪৩ দশমিক ৫০ শতাংশ। একইভাবে বার্থ ব্যবহারের সূচকও এখন নিম্নমুখী বলে বন্দর কর্তৃপক্ষের এই প্রতিবেদনে বলা হয়েছে।