সবাই কৃতকার্য শিক্ষার্থীদেরই গুণগান করে। অকৃতকার্যদের পাশে কেউ দাঁড়াতে চায় না। বরং তারা আরও হতাশ হয় নিন্দা ও ভর্ত্সনা শুনে। মিঠা কথায় উত্সাহ জুগিয়ে তাদের মনোবল চাঙা করার মতো লোক বিরল। পৃষ্ঠপোষকতার অভাবে অকৃতকার্য অনেক শিক্ষার্থী অকালে বিদ্যাপীঠ থেকে ঝরে যায়। গরিব পরিবারের শিক্ষার্থীদের বেলায় তা বেশি ঘটে। এমন অকৃতকার্য ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য যিনি সামনে এগিয়ে চলার আলোর দিশারি হিসেবে কাজ করছেন, তিনি কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অবসরপ্রাপ্ত সুপার মো. নাসির উদ্দিন।২০০৯ সাল থেকে নাসিরউদ্দিন এই মহতী কর্মযজ্ঞে হাত দিয়েছেন। ব্যর্থ ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে তিনি ভবিষ্যতে সফল হওয়ার পথ দেখাচ্ছেন, দিচ্ছেন প্রয়োজনীয় সহায়তা। তাঁর সহায়তায় কক্সবাজারের রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৩টি উচ্চবিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থী শিক্ষাজীবনে নতুন করে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও ২০১০ সালের দুর্বল এসএসসি পরীক্ষার্থীদের পাঠ দিচ্ছেন তিনি।পিছিয়ে পড়াদের সন্ধানে: ১৯৭৭ সালে রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। ১৯৮৮ সালে কক্সবাজারের বাহারছড়া এলাকায় পিটিআইয়ের শিক্ষক প্রশিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৮ সালের ১৭ এপ্রিল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারের পদ থেকে তিনি অবসর নেন। বিদ্যালয়ে শিশু ভর্তি, তাদের ধরে রাখা ও ঝরে পড়া রোধ নামে একটি গবেষণামূলক পুস্তিকাও রয়েছে তাঁর। ২০০৯ সালের এপ্রিলে নাসিরউদ্দিন অকৃতকার্য ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সন্ধানে বের হন। রামুর ঘরে ঘরে গিয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করেন। অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে এসব শিক্ষার্থীর পাঠদান শুরু করেন তিনি। প্রতি শুক্রবার সকাল ১০টায় উপজেলার রামু খিজারি আদর্শ উচ্চবিদ্যালয় ও রামু বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে থাকে মডেল টেস্ট পরীক্ষা। গত আট মাসে দুটি কেন্দ্রে ৩৩টির বেশি পরীক্ষা হয়েছে। এতে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা লাভবান হচ্ছে। এসব শিক্ষার্থীর পড়শোনা ও পরীক্ষার পেছনে এ পর্যন্ত তাঁর প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। চাকরি শেষে পাওয়া অবসর ভাতার (পেনশন) টাকা থেকে তিনি এ ব্যয় চালাচ্ছেন। পড়াশোনা ও পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কোনো ফি দিতে হয় না।পাঠশালায় একদিন: ২৫ ডিসেম্বর শুক্রবার। সকাল সাড়ে ১০টা। খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ২০৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের কিছু ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কিছু পিছিয়ে পড়া এসএসসি পরীক্ষার্থী। সেখানে পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ।পাশের রামু বালিকা উচ্চবিদ্যালয়েও একইভাবে পরীক্ষা চলছে। সেখানে ১০৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষে উপজেলার দুর্গম গ্রাম হাইটুপি থেকে আসা আদিবাসী ছাত্রী খিন এ রাখাইন বলে, ‘পরীক্ষা ভালো হয়েছে। গত বছর ইংরেজিতে দুর্বল ছিলাম বলে খারাপ (অকৃতকার্য) করেছি। নাসির স্যারের বদান্যতায় ইংরেজিতে এখন প্রস্তুতি ভালো।’উপজেলার কাউয়ারকূপ গ্রামের হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আকতার বলে, ‘গতবার এসএসসিতে ফেল করেছি। নাসির স্যারের সহযোগিতায় এখন প্রতিটি মডেল টেস্ট পরীক্ষায় গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পাচ্ছি। এই পরীক্ষার জন্য কোনো ফিও দিতে হচ্ছে না।’ একই কথা বলেছে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী নাফিসা আকতার, জারাইল্যাতলী উচ্চবিদ্যালয়ের ছাত্র আয়াছুর রহমান, রামু বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী আয়েশা খানম ও রেশমিন আকতার।রামু বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মীনাক্ষি বড়ুয়া বলেন, এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে পিছিয়ে পড়া ৫৮ জন ছাত্রী নাসির স্যারের শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। জারাইল্যাতলী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হোসাইন মো. বেলাল জানান, তাঁর বিদ্যালয় থেকেও ২৩ জন শিক্ষার্থী এই কার্যক্রমের সঙ্গে যুক্ত।রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ জানান, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের জন্য সহায়ক কার্যক্রম। এই কার্যক্রম প্রতিবছর চালু রাখা গেলে অসংখ্য গরিব শিক্ষার্থী লাভবান হবে।নাসিরউদ্দিন জানান, ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় সারা দেশে দুই লাখ ৬০ হাজার তিনজন, অর্থাত্ ৩২ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে গণিত ও ইংরেজিতে। মূলত অভাবগ্রস্ত পরিবারের সন্তান, যারা টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেনি, তারাই বেশি অকৃতকার্য হয়েছে। রামু উপজেলায় তাদের সংখ্যা ২০৭ জন।নাসিরউদ্দিন বলেন, ‘সুবিধাবঞ্চিত পরিবারের অনেকে এসএসসিতে অকৃতকার্য হয়। এর পেছনে অবশ্যই কোনো কারণ থাকে। এই কারণগুলো চিহ্নিত করে সমাধান করা গেলে তারাও পাস করতে পারে। তাই তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় নেমেছি।’্র কথা প্রসঙ্গে একটি শপথের কথা উল্লেখ করে নাসিরউদ্দিন বলেন, এই শপথ তাঁর উদ্যম ধরে রাখতে অনুপ্রেরণা জোগাচ্ছে। গত বছরের ২৫ জুন কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে অনুষ্ঠিত হয় প্রথম আলোর শপথ ব্যানার প্রদর্শনী। শপথ ব্যানারে নাসিরউদ্দিন লেখেন, ‘২০০৯ সালের এসএসসিতে ফেল করা এবং ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করে যাব। এই জনসম্পদকে দক্ষ ও মানবসম্পদে রূপান্তরের চেষ্টা চালাব।’কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘নাসিরউদ্দিনের পরিকল্পনাটি দেশের মধ্যে সম্পূর্ণ নতুন বলে মনে হচ্ছে। ফেল করা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মধ্যে অন্য কেউ কাজ করছেন বলে আমার জানা নেই।’ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে, নিজের অর্থায়নে তিনি শিক্ষায় দারিদ্র্য বিমোচনের কাজ্র্রকরে যাচ্ছেন। ভবিষ্যতে তিনি এই ধারা অব্যাহত রাখলে জেলা প্রশাসন থেকে তাঁকে সহায়তা দেওয়া হবে।অভিভাবকদের কথা: রামুর পাহাড়ি গ্রাম গর্জনিয়ার তামাক চাষি আবদুল মুনাফ (৫৫) বলেন, গত বছর তাঁর মেয়ে রোকসানা পারভিন ইংরেজিতে খারাপ করায় এসএসসিতে ফেল করে। মেয়েকে তিনি আর না পড়ানোর সিদ্ধান্ত নেন। নাসির স্যারের অনুপ্রেরণায় শেষে মেয়েকে আবার পরীক্ষা দেওয়াতে রাজি হয়েছেন। সম্প্রতি এক পরীক্ষায় তাঁর মেয়ে ইংরেজিতে ৬৪ নম্বর পেয়েছে। তিনি বলেন, ‘এবার যদি রোকসানা পাস করে, তাকে অবশ্যই কলেজে ভর্তি করে দেব। না খেয়ে হলেও মেয়ের পড়াশোনার খরচ জোগাব।’একই কথা বলেন উপজেলার রাজারকুলের চাষি শামসুল আলম, চা-বাগান এলাকার ব্যবসায়ী আবদুল মাজেদ, ফতেখাঁরকুলের কাঠমিস্ত্রি দীপক শর্মাসহ অনেকে। কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার জানান, একটি মহত্ উদ্যোগের পথচলা শুরু হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষা করা গেলে রামুর শিক্ষাঙ্গনে অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে।রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা আমান উল্লাহ খান জানান, ‘নাসির উদ্দিন চাকরিকাল শেষ করে অন্যদের মতো আয়েশি জীবন বেছে নেননি। দায়িত্বকর্ম থেকে সরে আসেননি। তাঁর এই দায়িত্ব পালন কর্তব্য নয়, সেবা।’