পিছিয়ে পড়ার বড় কারণ ভালোবাসার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসের অন্য শিক্ষার্থীরা যত তাড়াতাড়ি পড়া বুঝতে পারত, ঠিক সেভাবে পারত না সালাউদ্দিন। প্রতিনিয়তই তাকে শিক্ষকদের গালমন্দ শুনতে হতো, কখনো কখনো পিঠে পড়ত বেত। শেষ পর্যন্ত নবম শ্রেণীতে উঠে পড়ালেখাই ছেড়ে দেয় সে।জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) একটি গবেষণা বলছে, সব বিদ্যালয়েই সালাউদ্দিনের মতো এমন পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে, যাদের পড়া আত্মস্থ করতে একটু বেশি সময় লাগে। ইংরেজিতে তাদের বলে ‘স্লো লার্নার্স’। বিশেষ যত্ন নিয়ে তাদেরও প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। কিন্তু প্রায় সব ক্ষেত্রে শিক্ষকদের সহানুভূতি ও ভালোবাসার অভাবের কারণে এই দুর্বল শিক্ষার্থীরা নিজেরাও তা বুঝতে পারে না।নায়েমের গবেষণাটিতে দেখা গেছে, পিছিয়ে পড়া এ শিক্ষার্থীদের মেধা বিকাশের যত সমস্যা, তার ৬৪ শতাংশই হয় শিক্ষকদের মায়া ও ভালোবাসার অভাবে।গবেষণাটির শিরোনাম ‘আইডেনটিফিকেশন অব ইফেকটিভ ফ্যাক্টরস রেসপনসিবল ফর পুওর পারফরমেন্স অব স্লো লার্নার্স অ্যাট সেকেন্ডারি লেভেল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ: এ কেস স্টাডি অব সিলেকটেড এরিয়াজ’। অর্থাৎ এতে দেশের নির্দিষ্ট কয়েকটি স্থানের ঘটনা পর্যালোচনা করে মাধ্যমিক পর্যায়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতার কারণগুলো খোঁজা হয়েছে। নায়েমের গবেষণা ও তথ্যায়ন পরিচালক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে ফরিদপুর ও রাঙামাটি জেলার ১০টি বিদ্যালয়ে এক বছর ধরে ওই গবেষণা চালানো হয়।গবেষণা দলের প্রধান আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা গবেষণায় দেখেছেন, যেসব শিক্ষার্থী পড়ালেখায় পিছিয়ে, তাদেরও সুপ্ত মেধা আছে। সেটি বিকশিত করা গেলে তাদের পক্ষে ‘এ প্লাস’ পর্যন্ত পাওয়া সম্ভব। এ জন্য সবচেয়ে জরুরি শিক্ষকের ভালোবাসা। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভালোবাসা দিয়ে বোঝানো হলে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়।গবেষণায় বলা হয়, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে তিন বড় বাধা: বিদ্যালয়ে না যাওয়া, গিয়ে ঝরে পড়া এবং অকৃতকার্য হওয়া। আর এ তিন ধরনের পরিস্থিতিতেই জড়িত শিক্ষার্থীদের একটা বড় অংশ ‘স্লো লার্নার্স’। আজিজুর রহমান বলেন, প্রথম গবেষণাটির ভিত্তিতে তাঁরা ছয়টি বিদ্যালয়ে নতুন আরেকটি গবেষণা পরিচালনা করছেন।কিছু শিক্ষার্থী কেন অন্য সবার মতো পড়া আত্মস্থ করতে পারে না—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষণায় দেখা গেছে, এর জন্য প্রধানত দায়ী শিক্ষকদের কঠোর মনোভাব। এ ছাড়া আছে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিরপেক্ষ আচরণের অভাব ও অসহযোগিতা, শিক্ষার্থীদের প্রভাবিত বা উজ্জীবিত না করা, শিক্ষকদের বিশেষ নজরদারির অভাবসহ আরও কিছু কারণ। এসব উপাদানকে একত্রে ‘ভালোবাসার অভাব’ হিসেবে চিহ্নিত করে গবেষণায় বলা হয়েছে, শিক্ষকদের মনে শিক্ষার্থীদের জন্য ভালোবাসা তৈরি করা গেলে ‘পিছিয়ে পড়া শিক্ষার্থী’ সমস্যার ৬৪ শতাংশ সমাধান হয়ে যাবে।গবেষণায় দেখা গেছে, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতার বড় কারণ, তাদের প্রতি শিক্ষকদের নেতিবাচক মনোভাব। ৭৫ ভাগ শিক্ষকও বিষয়টি স্বীকার করেছেন। আর শিক্ষার্থীদের ৯২ শতাংশ এ বিষয়ে একমত প্রকাশ করেছে।গবেষণাটিতে দেখা গেছে, শিক্ষকেরা সাধারণত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি খুব একটা মনোযোগ দেন না। গবেষণাভুক্ত শিক্ষকেরাও বিষয়টি স্বীকার করেছেন।শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থাও তাদের প্রতি শিক্ষকের আচরণের একটি নিয়ামক হিসেবে কাজ করে। সাধারণত ধনী বা সচ্ছল পরিবারের সন্তানদের প্রতি শিক্ষকদের মনোযোগ থাকে বেশি। আর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের একটি বড় অংশই দরিদ্র পরিবারের সন্তান।গবেষণায় উল্লেখ করা হয়, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি কম নজর দেওয়া ছাড়াও শিক্ষকেরা তাদের কঠোর ভাষায় গালমন্দ করেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের গরু-ছাগল-গাধা বলে গালি দেওয়া হয়। তাদের বলা হয়, ‘মাথাভর্তি গোবর’, ‘তোমার পক্ষে পড়ালেখা করা সম্ভব নয়’। অনেক ক্ষেত্রে তাদের মারধরও করা হয়। গবেষণাটিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের এ ধরনের ১৪টি নেতিবাচক দিক চিহ্নিত করা হয়েছে, যেগুলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে বাধা হয়ে দাঁড়ায়।গবেষণাটিতে দেখা গেছে, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে সহায়তা করা হলে তাদের সুপ্ত মেধার বিকাশ সম্ভব। তবে বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতও এ ক্ষেত্রে একটি বড় সমস্যা বলে মত দিয়েছেন ওই গবেষণা এবং শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, শিক্ষার্থীর তুলনায় প্রায় সব বিদ্যালয়েই শিক্ষক কম। তা ছাড়া শিক্ষকদের বেশির ভাগ ক্ষেত্রে ক্লাস নিতে হয় একনাগাড়ে, যা ক্লান্তিকর। এ ছাড়া আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষকদের আলাদা আয়ের চিন্তা করতে হয়। এ অবস্থায় তাঁদের পক্ষে যথাযথভাবে মনোযোগ দিয়ে পাঠদান অনেক সময় সম্ভব হয় না।গবেষণাটিতে শিক্ষকদের ক্লাসের চাপ কমানো, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা, শিক্ষকদের আর্থিক দৈন্য দূর করাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘যারা স্লো লার্নার্স, তাদের আলাদা কিছু চাহিদা থাকে। তাদের মেধা থাকে, কিন্তু আত্মবিশ্বাস থাকে না। দুঃখের বিষয় হলো, এ ধরনের শিক্ষার্থীদের পরিবার বা বিদ্যালয়—সবখানেই অবহেলা করা হয়।’ তবে বিষয়টি শিক্ষকদের সচ্ছলতার সঙ্গেও সম্পর্কিত মন্তব্য করে এ অধ্যাপক তাদের প্রশিক্ষণের পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করারও পরামর্শ দেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ বলেন, জাতীয় শিক্ষানীতিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। তাদের আলাদা পরিচর্যা দেওয়ার জন্য বিশেষ ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এটি করা হচ্ছে। এ জন্য শিক্ষকদের ঘণ্টাপ্রতি অতিরিক্ত ১৭৫ টাকা করে প্রণোদনা হিসেবে দেওয়া হয় বলে তিনি জানান।