পিছিয়ে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ৩১ জানুয়ারির মধ্যেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’-এর ফলাফল তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। জানা গেছে, এ সময়ের মধ্যে ফলাফল তৈরি করা সম্ভব হবে না। কারণ, জুরি বোর্ডের সদস্যরা এখন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছাড়পত্র দেওয়ার জন্য ছবি দেখছেন। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এর ছবিগুলো নিয়মিত দেখার সুযোগ পাচ্ছেন না। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, চলচ্চিত্র জুরি বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় চূড়ান্ত ফলাফল জমা দেওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে। সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে দেখা গেছে, রেইনবো আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য সেন্সর বোর্ডকে প্রায় ১০০টি ছবি দেখতে হচ্ছে। এ কার্যক্রম চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৩ জানুয়ারি থেকে জাতীয় চলচ্চিত্র জুরি বোর্ড ছবি দেখার কাজ শুরু করবে। পাশাপাশি রয়েছে সেন্সর বোর্ডের নিয়মিত কার্যক্রম। একটি সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এর ফলাফলের জন্য সময় আরও বাড়াতে হবে।সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একটি মাত্র প্রদর্শনী কক্ষ থাকায় এমন সমস্যা হয়েছে। এ অবস্থায় ফেব্রুয়ারির মধ্যে ছবি দেখার কাজ শেষ করা হয়তো সম্ভব হবে না। এর আগে ২০০৯ সালের পুরস্কার দেওয়া হয় ২০১১ সালে। এখন ২০১০ সালের পুরস্কার দিতে কত দিন অপেক্ষা করতে হয়, সেটাই দেখার বিষয়।