পিছিয়ে যাচ্ছে বিজ্ঞান, এগোচ্ছে ব্যবসায় শিক্ষা
২০০১ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৩৪ শতাংশ শিক্ষার্থী ছিল বিজ্ঞান বিভাগের। আর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল ১৭ শতাংশ। ১০ বছর পর উল্টে গেছে ওই পরিসংখ্যান। এ বছর প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মাত্র ২২ দশমিক ৩৫ শতাংশ ছিল বিজ্ঞান বিভাগের। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল ৩৪ দশমিক ৫৭ শতাংশ।শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, গত আট বছরে বিজ্ঞানে শিক্ষার্থী কমার হার ৩১ দশমিক ৬৩ শতাংশ। বিজ্ঞানের মতো না হলেও মানবিক বিভাগে শিক্ষার্থী কমেছে। এ বিভাগ থেকে ২০০১ সালে পরীক্ষার্থী ছিল ৫০ শতাংশ। এ বছর ওই হার নেমে এসেছে ৪৩ শতাংশ।নব্বইয়ের দশকের পর থেকে ক্রমান্বয়ে কমতে থাকে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থী। আর বাড়তে থাকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। মাত্র ১৪ বছরের মাথায় বিজ্ঞানের স্থানটি দখল করে নিয়েছে ব্যবসায় শিক্ষা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিজ্ঞানের পাঠ্যক্রম তুলনামূলক কঠিন হওয়া, দুর্বোধ্য পাঠ্যবই, চাকরি, দক্ষ শিক্ষক ও উচ্চশিক্ষায় আসনসংকট ও দারিদ্র্য—এসব কারণে বিজ্ঞান শিক্ষার্থী কমছে।২০০১ সালে মোট সাত লাখ ৮৬ হাজার ২২০ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৬৪ হাজার ১০০ জন ছিল বিজ্ঞান বিভাগের। এ বছরের পরীক্ষায় দেখা যায়, নয় লাখ ১২ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুই লাখ তিন হাজার ৯৯২ জন ছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।ব্যবসায় শিক্ষায় ২০০১ সালে ছাত্র ছিল এক লাখ ২৯ হাজার ৮২১ জন। ২০১০ সালে সে সংখ্যা দাঁড়ায় তিন লাখ ১৫ হাজারে।শুধু মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিক স্তরের চিত্রও অভিন্ন। ২০০১ সালের উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ছিল এক লাখ ২৬ হাজার ৩১৫ জন। এ বছর এ সংখ্যা দাড়িয়েছে এক লাখ ছয় হাজার ৫৬৩।কমছে বিজ্ঞানের শিক্ষার্থী: ১০ বছরের পরিসংখ্যান বলছে, মাধ্যমিকে মাত্র দুবার বিচ্ছিন্নভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেড়েছিল। এ ছাড়া প্রতিবছরই শিক্ষার্থী কমেছে।২০০৩ সালে বিজ্ঞান বিভাগের মোট শিক্ষার্থী আগের বছরের চেয়ে ৩২ হাজার কমে দাঁড়ায় তিন লাখ ১৫ হাজার পাঁচজনে। ওই বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোট পরীক্ষার্থীর ৩২ দশমিক ৭৩ শতাংশ। ২০০৪ ও ২০০৫ সালে বিজ্ঞানের শিক্ষার্থী কমার ধারা অব্যাহত থাকে।২০০৬ সালে বিজ্ঞানের শিক্ষার্থী এক লাফে চার শতাংশ কমে হয় ২৬ শতাংশ, যা ছিল গত ১০ বছরে সবচেয়ে বড় ছন্দপতন।২০০৭ সালে বিজ্ঞানের শিক্ষার্থী ছিল ২২ দশমিক ৬৯ এবং ২০০৮ সালে ২৩ দশমিক ৭৮ শতাংশ। ২০০৯ সালে মোট শিক্ষার্থীর ২২ দশমিক ৯০ শতাংশ ছিল বিজ্ঞানের। সর্বশেষ ২০১০ সালে বিজ্ঞানের শিক্ষার্থী ছিল মোট পরীক্ষার্থীর মাত্র ২২ দশমিক ৩৫ শতাংশ।গ্রাম ও শহরে পার্থক্য: ‘হ্যান্ডবুক অব রিচার্স ইন সায়েন্স এডুকেশন, রিচার্স ইন এশিয়া, ভলিউম-৪’-এ বাংলাদেশের বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টিকে আশঙ্কাজনক উল্লেখ করে বলা হয়, বিজ্ঞানপ্রযুক্তির এই যুগে এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে হতাশাব্যঞ্জকভাবে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে।তাদের হিসাবে, মাধ্যমিক পর্যায়ে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানের শিক্ষার্থী ২৬ শতাংশ। আর গ্রামে এ হার ১৫ শতাংশ। উচ্চমাধ্যমিকে শহরে বিজ্ঞানের শিক্ষার্থী ২০ শতাংশের মতো। গ্রামে এ হার ১০ শতাংশেরও কম।বাড়ছে ব্যবসায় শিক্ষার ছাত্র: মাধ্যমিক স্তরে ব্যবসায় শিক্ষা চালু হয় ১৯৯৬ সালে। নতুন এ শাখা চালু হওয়ার পর থেকে একদিকে কমতে থাকে বিজ্ঞানের শিক্ষার্থী, অন্যদিকে বাড়তে থাকে নতুন শাখার শিক্ষার্থী। প্রতিবছরই এ শাখায় পরীক্ষার্থীর হার বেড়েছে।২০০১ সালে মোট পরীক্ষার্থীর মাত্র ১৬ দশমিক ৫১ শতাংশ ছিল ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৯১ শতাংশে। ২০০৩ সালে এ হার হয় ২২-এর ওপরে। এভাবে ক্রমাগত বেড়ে ২০০৭ সালে ৩২, পরের বছর ৩২ দশমিক ১৯, ২০০৯ সালে ৩৩ দশমিক ৯০ এবং সর্বশেষ ২০১০ সালে ৩৪ দশমিক ৫৭ শতাংশে উন্নীত হয়।শিক্ষামন্ত্রীর বক্তব্য: বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয় বিজ্ঞানকে শিক্ষার্থীপ্রিয় করে তুলতে কিছু উদ্যোগ নিচ্ছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, বিজ্ঞানকে শিক্ষার্থীপ্রিয় করতে জাতীয় বিজ্ঞান শিক্ষা সপ্তাহ পালন ও সব স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। বিজ্ঞানের সিলেবাস যুগোপযোগী করা, পাঠ্যক্রম সহজবোধ্য করা, ডিজিটাল কনটেন্ট তৈরি, শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যমান বিজ্ঞানাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া, প্রয়োজনে নতুন বিজ্ঞানাগার স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এসব বিষয়ে একাধিক প্রকল্প নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়সহ সুধী মহলের পরমর্শ ও মতামত নেওয়া হচ্ছে।