পিজিসিবি কর্মকর্তার ২৭ ফ্ল্যাট, ১২টি প্লট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় তাঁর ২৭টি ফ্ল্যাট। নিউমার্কেটে আছে পাঁচটি দোকান এবং বসুন্ধরা আবাসিক প্রকল্পে ১২টি প্লট। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপক মো. আরশাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অভিযোগপত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক থাকায় আদালতে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।দুদকের অভিযোগপত্রে বলা হয়, আরশাদ হোসেন বিভিন্ন ভুয়া খরচ ও ভুয়া প্রতিষ্ঠানের নামে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।তাই আরশাদ হোসেনের বিরুদ্ধে মোট ৪৩ কোটি ১৭ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া খোদ পিজিসিবি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তে ৫৫ কোটি টাকা অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে পিজিসিবি সূত্র জানায়। এ জন্য সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পিজিসিবি কর্তৃপক্ষ।দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম প্রথম আলোকে আরশাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আরশাদ হোসেন ও তাঁর স্ত্রী লুবনা ইসলাম লনির নামে রাজধানীর ধানমন্ডি, গুলশান, বারিধারা, বনানী ও উত্তরায় মোট ২৭টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া নিউমার্কেটে পাঁচটি দোকান এবং বসুন্ধরা আবাসিক প্রকল্পে ১২টি প্লট রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আত্মসাৎ করা অর্থ বিভিন্ন জনের কাছে হস্তান্তর হওয়ায় মানিলন্ডারিং আইনের আওতায় এ মামলা করা হয়।গত ১৯ এপ্রিল ধানমন্ডি থানায় আরশাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন ভুয়া ব্যয় ও ভুয়া প্রতিষ্ঠানকে বিল পরিশোধ দেখিয়ে মোট ৪৩ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।এ ব্যাপারে আরশাদ হোসেনের ধানমন্ডির বাসায় যোগাযোগ করলে তিনি পলাতক বলে জানা গেছে।