পিট-জোলির গোপন সফর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন ‘হার্ট লকার’খ্যাত অস্কার জয়ী হলিউডের চিত্র নির্মাতা ক্যাথরিন বিগলো। ‘জিরো ডার্ক থার্টি’ ছবিটির শুটিং তিনি করছেন ভারতের চণ্ডীগড়ে। শোনা যাচ্ছে, ছবিটির শুটিংয়ে অংশ নিতে বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলিকে সঙ্গে নিয়ে গোপন সফরে চণ্ডীগড় এসেছেন ব্র্যাড পিট। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘জিরো ডার্ক থার্টি ছবির শুটিংয়ে অংশ নিতে ভারতে যাওয়ার প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহের শুরুর দিকে তাড়াহুড়া করে সব কাজ শেষ করেছেন পিট। ছবিতে তাঁকে কেমন দেখাবে সেটা এখন তিনি কাউকেই জানতে দিতে চান না। এ কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে ছবি তোলা থেকে বিরত থাকছেন তিনি।’ এদিকে জিরো ডার্ক থার্টির আরেক অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন জানিয়েছেন, ‘ক্যাথরিনের সঙ্গে জর্ডানে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলাম। এবারে ছবিটির শুটিং করতে শিগগিরই ভারতের উদ্দেশে যাত্রা করব।’ ছবিটির চিত্রনাট্যের ব্যাপক প্রশংসা করলেও এটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন জেসিকা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার এজেন্ট এবং ম্যানেজারকেও এর চিত্রনাট্য পড়তে দিইনি।’