পিটার চিঙ্গোকা এবং টেন্ডুলকার
কুইজের একটা প্রশ্ন—বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পর সবচেয়ে সিনিয়র কে? সেই ১৯৮৯ সালে অভিষেক, কবে থামবেন কেউ জানে না। আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর! টেন্ডুলকারের পর কে?কেন, পিটার চিঙ্গোকা! রসিকতাটা শুনে চিঙ্গোকা খুব হাসলেন, ‘আরে, টেন্ডুলকারের সঙ্গে আমার তুলনা! আমাকে তো অত ফিট না থাকলেও চলে।’১৯৯২ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার কিছুদিন পর থেকেই জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান। জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন নাম বদলে জিম্বাবুয়ে ক্রিকেট হয়েছে। তবে একটা জায়গায় কোনো পরিবর্তন নেই। পিটার চিঙ্গোকা বহাল তবিয়তে বর্তমান। সামারাঞ্চ-হ্যাভেলাঞ্চের সঙ্গে তুলনা করায় চিঙ্গোকা আন্তর্জাতিক রোয়িং নাকি একটা ফেডারেশনের প্রেসিডেন্টের কথা বললেন, যিনি ৩০ বছরেরও বেশি প্রেসিডেন্ট ছিলেন। ‘আই হ্যাভ স্টিল আ লং ওয়ে টু গো’ বলে আবার হো হো করে হাসলেন। ১৯ বছর ধরে বোর্ডের প্রধান। ক্রিকেট ইতিহাসে রেকর্ড। টেন্ডুলকারের ক্যারিয়ার কবে শেষ হবে, টেন্ডুলকারের নিজের তা জানা থাকতেও পারে। চিঙ্গোকার কবে শেষ, তিনি নিজেও জানেন না। ‘লেটস সি’ উত্তর তো তা-ই বলে।মাঝখানে জিম্বাবুইয়ান ক্রিকেটে যে ঝড় বয়ে গেল, তাতে তাঁর উড়ে যাওয়ার কথা ছিল। কিসের কি, চিঙ্গোকার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করা স্ট্রিক-ক্যাম্পবেলরা বরং ঠিকই ফিরে এসেছেন। পিটার চিঙ্গোকার নেতৃত্ব মেনেই।ক্রিকেট বিশ্বে এখনো মহা বিতর্কিত। ইউরোপিয়ান ইউনিয়নের ‘প্রবেশ নিষিদ্ধ’ তালিকায় তাঁর নাম। মাঝখানে একবার আইসিসির সভা লন্ডন থেকে সিঙ্গাপুরে সরাতে হয়েছে তাঁর কারণে। কারণ, ইংল্যান্ড চিঙ্গোকাকে ভিসা দিতে রাজি হয়নি। অস্ট্রেলিয়াতেও ঢোকার অধিকার নেই। চিঙ্গোকার অপরাধ, তিনি জিম্বাবুয়ের ‘আজীবন’ প্রেসিডেন্ট রবার্ট মুগাবের খুব ঘনিষ্ঠ। চিঙ্গোকা অবশ্য প্রতিবাদ করলেন, ‘কে বলে, উনি আমার খুব ঘনিষ্ঠ! আমার সঙ্গে তো উনার দেখাই হয় না। উনি দেশের প্রেসিডেন্ট। কত ব্যস্ত থাকেন!’ কে বলে? সবাই বলে। এবার চিঙ্গোকা একটু নড়েচড়ে বসেন, ‘হ্যাঁ, উনার সঙ্গে সম্পর্কটা অনেক পুরোনো। আমার বাবা আর উনি স্কুলে ক্লাসমেট ছিলেন।’কিন্তু মুগাবে-রাজের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া নিষিদ্ধ করেছে তাঁকে। এবার একটা অমর বাণী দিলেন চিঙ্গোকা, ‘খেলা আর রাজনীতি কখনো মিশিয়ে ফেলতে নেই।’ মজা তো! ইংল্যান্ড যে জিম্বাবুয়ের সঙ্গে ক্রিকেট সম্পর্কে ছেদ টেনে দিয়েছে, সেটি তো এই অভিযোগেই। চিঙ্গোকা যেটি মানতেই রাজি নন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে সব ঠিক হয়ে গেছে। অস্ট্রেলিয়া ‘এ’ দল খেলে গেছে, নিউজিল্যান্ড আসছে। ইংল্যান্ড কী ভাবছে বলতে পারব না।’ ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয় না এ ব্যাপারে? চিঙ্গোকার উত্তর, ‘এটা তো ইসিবির হাতে নেই। এটা নির্ভর করে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।’ পরোক্ষে কি এই ইঙ্গিত করলেন যে, খেলা আর রাজনীতি তো আসলে ওখানেই মিশে গেছে। বাবা ছিলেন বড় পুলিশ অফিসার। ডেপুটি কমিশনার পর্যন্ত হয়েছিলেন। চিঙ্গোকার সঙ্গে ক্রিকেটের পরিচয়ও সেই সূত্রেই। নইলে তাঁর কৈশোরে ক্রিকেটের সঙ্গে কৃষ্ণাঙ্গদের কোনো সংশ্রবই ছিল না। চিঙ্গোকা এটা-চিঙ্গোকা ওটা—অনেক শুনেছি, অনেক পড়েছি। তবে ভদ্রলোক যে ক্রিকেট খেলতেন এবং মোটামুটি ভালোই খেলতেন—এটা জানতামই না। চিঙ্গোকার মুখেই প্রথম শুনলাম এবং পরে ক্রিকইনফোতে তাঁর প্রোফাইল দেখে একটু লজ্জাই পেলাম। সর্বোচ্চ পর্যায়ে (টেস্ট বা ওয়ানডে ভাববেন না) খেলা জিম্বাবুয়ের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার তিনি। কিন্তু সেই মধ্য সত্তর দশকে বর্ণবাদ অধ্যুষিত রোডেশিয়ায় ক্রিকেটার হলেন কীভাবে? ‘আমার বাবা পুলিশ অফিসার ছিলেন বলে আমি একটা প্রাইভেট স্কুলে পড়ার সুযোগ পাই। ওই স্কুলে চারজন কৃষ্ণাঙ্গ ছাত্রের মধ্যে আমি ছিলাম একজন। ওই স্কুলেই আমার ক্রিকেটে হাতেখড়ি।’ক্রিকেট থেকে কিছু এলেও সেটি তো আর কাগজে-কলমে নেই। চিঙ্গোকা আসলে করেন কী? ‘এই এখানে-ওখানে টুকটাক কিছু করি।’ সেই ‘টুকটাক’টা অনেক বড় ব্যাপার। খনিজ শিল্পের সঙ্গে জড়িত। নিজেরও কিছু আছে। মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন। পরামর্শক হিসেবেও কাজ করেন। জিম্বাবুয়ে খনিজ রপ্তানি সংস্থাতেও ছিলেন অনেক দিন।জিম্বাবুয়ে ক্রিকেট থেকে অনেক টাকা সরিয়েছেন বলে অভিযোগ করে নিন্দুকেরা। চিঙ্গোকা এটি শুনে বিব্রত হওয়ার চেয়ে বিরক্ত হলেন বেশি। দাবি করলেন, ‘আমি ক্রিকেটে আছি ক্রিকেট ভালোবাসি বলে।’এ কারণেই নাকি এত ঝড়ঝাপটা সয়েও কাজ করে যাচ্ছেন। সবচেয়ে বড় ঝড়টা তো ২০০৫ সালে খেলোয়াড়-বিদ্রোহ। যে ঝড়ে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট থেকে নির্বাসিতও হয়ে গেল। তবে এখন সেটিকে ‘শাপেবর’ বলে মনে করেন চিঙ্গোকা, ‘ওই ঘটনাটা না হলে ভালো হতো। তবে এখন মনে হয়, তা হওয়াটা ভালোই হয়েছে। আগে আমাদের হাতেগোনা কয়েকজন খেলোয়াড় ছিল। এখন কালোরাও দলে দলে ক্রিকেট খেলছে। আমাদের হাতে এখন অনেক খেলোয়াড়।’হারারে টেস্টে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর পিটার চিঙ্গোকার মুখে আকর্ণবিস্তৃত হাসি। তা থাকবে না-ই বা কেন? টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের সময় যখন তাঁকে ইন্টারভিউ করি, টেস্ট ম্যাচে সর্বোচ্চ প্রত্যাশার কথা জিজ্ঞেস করায় বলেছিলেন, ‘ভালো প্রতিদ্বন্দ্বিতা করা।’তবে জিম্বাবুয়ে দল চিঙ্গোকার প্রত্যাশা ছাড়ানো পারফর্ম করেছে, নাকি বাংলাদেশ দল তাঁর ধারণার চেয়ে অনেক বাজে খেলেছে, এটি একটা প্রশ্ন বটে।এত দর্শক!টেস্ট ম্যাচের তৃতীয় না চতুর্থ দিন। প্রেসবক্সে ‘ভেরি গুড ক্রাউড’ কথাটা শুনে চমকে গেলাম। মন্তব্যটা পাশে বসা জন ওয়ার্ডের। উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের জিম্বাবুয়ে প্রতিনিধি ছিলেন অনেক দিন। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের প্রত্যক্ষদর্শীই বলা যায় তাঁকে। তাঁর কথাকে তো গুরুত্ব দিতেই হয়। কিন্তু মাঠে যে মেরে-কেটে এক হাজার দর্শকও হবে না!জন ওয়ার্ডকে বললাম, ‘এটাকে আপনি গুড ক্রাউড বলছেন?’ ওয়ার্ড হেসে বলেন, ‘উপমহাদেশ থেকে কেউ এলে তাঁর অবাক হওয়ারই কথা। জিম্বাবুয়েতে টেস্ট ক্রিকেটে এটাই অনেক দর্শক। সেই ১৯৯২ সালে আমাদের প্রথম টেস্টের পর এত দর্শক আর হয়নি।’কী বলে! অভিষেক টেস্টে কত দর্শক হয়েছিল? ‘হাজার দুয়েক। জিম্বাবুয়ে অনেক দিন পর টেস্টে ফিরেছে বলে এবার এত দর্শক হলো। টেস্ট ম্যাচে সাধারণত এক-দেড় শ দর্শকের বেশি হয় না।’ গর্বভরে বলেন, ওয়ানডেতে সংখ্যাটা চার-পাঁচ হাজারও হয়ে যায় কখনো কখনো।টেস্ট চলাকালে কিছুক্ষণ পরপরই যে পাবলিক অ্যানাউন্স সিস্টেমে স্পনসরদের নাম ঘোষণা করে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হলো, তাতে আর আশ্চর্য কি! যে খেলা নিয়ে এত দর্শক অনাগ্রহ, সেটির স্পনসর জোগাড় করা তো সহজ কাজ নয়!