পিটার শো বললেন পাকিস্তানকে আর সাহায্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা স্টেপনি থেকে নির্বাচিত শ্রমিকদলীয় এমপি প্রথম থেকেই বাংলাদেশের পক্ষে বলে যাচ্ছেন। তাঁর বক্তব্যের ওপর ৩ সেপ্টেম্বর ১৯৭১ লন্ডনের দ্য টাইমস-এর প্রতিবেদন:স্টেপনির শ্রমিক দলের এমপি পিটার শোর মনে করেন ব্রিটিশ সরকার কনসোর্টিয়ামের মাধ্যমে পাকিস্তানকে যে সাহায্য দিয়ে থাকে কিংবা সরাসরি যে অর্থনৈতিক সাহায্য দিয়ে থাকে তা পুনরায় চালু করা ঠিক হবে না। স্টেপনির বিশপ রেভারেন্ড ট্রেভর হাডলস্টোনকে নিয়ে এক সপ্তাহের দিল্লি ও পশ্চিম পাকিস্তান সফর শেষে পররাষ্ট্র সচিব (মন্ত্রী) স্যার এ্যালেক ডগলাস হিউমকে বলেছেন পশ্চিম পাকিস্তান সরকারের স্বীকার করা প্রয়োজন যে পূর্ব পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে এবং পশ্চিম পাকিস্তানের সব ক্ষমতা গুটিয়ে ফেলার সময় হয়ে গেছে—আর এই লক্ষ্যে আর্থিক অসহযোগিতার চাপ দিতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানান।পিটার শোর গতকাল (২ সেপ্টেম্বর) বলেন, ব্রিটিশ সরকার এ পর্যন্ত সন্তোষজনক ভূমিকা পালন করে আসছে। কিন্তু অক্টোবরে কনসোর্টিয়াম সাহায্য পুনরায় শুরু করবে কি না সে সিদ্ধান্ত নিতে হবে।পশ্চিম পাকিস্তান সরকার এই সাহায্য লাভের জন্য পূর্ব পাকিস্তানে লোক দেখানো ঘষামাজা করছে। আমাদের নিশ্চিত হতে হবে আমরা যেন এতে বিভ্রান্ত না হই।যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের আরও নিবিড়ভাবে কাজ করা দরকার। কারণ পশ্চিম পাকিস্তান সরকারের ওপর তাদের বিশেষ প্রভাব রয়েছে। যদিও কংগ্রেস চাপ দিয়ে যাচ্ছে আমেরিকান নীতির কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না।সিনেটর কেনেডির ভারত সফরের পর কংগ্রেসের চাপ বেড়েছে, আমি আশা করি সেখানকার জনমতও ব্রিটেনের মতই ঘুরে যাবে।পিটার শোর বলেন, প্রকৃত সত্য হচ্ছে পাকিস্তান ভেঙে গেছে। শুরু থেকেই তাদের ব্যবধান হাজার মাইলের। এখন রাজনৈতিক লক্ষ্য ও জনসাধারণের চাওয়া বিবেচনায় আনলে ব্যবধান বেড়েছে আরও হাজার মাইলের। মোট কথা দুই অংশের বন্ধন ভেঙে গেছে এবং টুকরো টুকরো হয়ে গেছে।পূর্ব পাকিস্তান থেকে যেভাবে শরণার্থী বের হয়ে যাচ্ছে—এখন মাসে ১০ লাখের কাছাকাছি, আমি মনে করি না কোনো ধরনের চাপ—এমনকি পশ্চিম পাকিস্তান সরকারের স্বেচ্ছাচারী বল প্রয়োগ পাকিস্তানের দুই বিচ্ছিন্ন অংশকে একটি রাজনৈতিক সম্প্রদায়ে পরিণত করতে পারবে না।সফরকালে পিটার শোর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, পশ্চিম পাকিস্তান সরকার যদি এখনই পূর্ব পাকিস্তান থেকে ক্ষমতা গুটিয়ে না নেয় তাহলে আরেকটি তিক্ত ও নিয়ন্ত্রণবহির্ভূত গণযুদ্ধের সূচনা হবে, যাতে অনেক জাতি জড়িয়ে পড়তে পারে।