পিটিভির আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম ও রবিন ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান টেলিভিশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম এবং তাঁর স্বামী বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষকে। এ সম্মাননা গ্রহণ করতে শিল্পী দম্পতি আজ সন্ধ্যা ছয়টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। যাওয়ার আগে আজ সোমবার দুপুরে প্রথম আলো অনলাইনকে রবিন ঘোষ বলেন, ‘এটা আমাদের দুজনের জন্যই খুব আনন্দের সংবাদ। মাসখানেক আগে চিঠি মারফত আজীবন সম্মাননার বিষয়টি জানতে পারি। ২৮ এপ্রিল পাকিস্তানের লাহোরের একটি কনভেনশন সেন্টারে আজীবন সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করা হবে।রবিন ঘোষ আরও জানিয়েছেন, ২৮ এপ্রিলের অনুষ্ঠানের পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি টেলিভিশনেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।এই অনুষ্ঠানে শুধু আজীবন সম্মাননাই পাচ্ছেন না শবনম ও রবিন ঘোষ, সম্মাননা গ্রহণের পাশাপাশি তাঁরা দুজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেও আমন্ত্রিত। ২৮ এপ্রিলের অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।এ প্রসঙ্গে শবনম বলেন, ‘চিঠি মারফত জানতে পেরেছি, পাকিস্তানের ছবিতে অভিনয়শিল্পী হিসেবে অবদানের জন্য আমাকে এবং ছবির গানে সুরকার ও সংগীতপরিচালক হিসেবে রবিন ঘোষের অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে আমাদের। দেশের বাইরে এ ধরনের পুরস্কার পাওয়ায় আমাদের দুজনের ভালোলাগার মাত্রাটা আরও বেশি কাজ করছে।’সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মে মাসের প্রথম সপ্তাহে তাঁরা দুজনই দেশের ফিরবেন বলে জানা গেছে।