পিটিয়ে ও পুড়িয়ে আরেক নারীকে হত্যা
গাজীপুরে আজ সোমবার সকালে পিটুনির পর এক নারীর (৩৬) শরীরে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় কয়েক ব্যক্তি। এতে ওই নারীর মৃত্যু হয়।জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি আনসার ভবনের সামনে ওই নারীর গতিবিধি সন্দেহজনক ও অপ্রকৃতস্থ মনে হওয়ায় উপস্থিত কয়েকজন তাঁকে মারধর করে। একপর্যায়ে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। পরে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়িতে এনটিকেসি পোশাক কারখানার সামনে আজ সকাল সোয়া সাতটার দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পিটুনি দেয় এলাকাবাসী। এ সময় ওই ব্যক্তিকে ছুরির আঘাতে জখম করে তারা। পরে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে।কোনাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাসির উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, ‘কয়েকদিন ধরে এলাকায় ছেলেধরা ও গলাকাটার গুজব ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সঞ্চার হয়েছে। অভিভাবকেরা এখন তাঁদের সন্তানদের একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।’