পিটিয়ে রোগীদের ওয়ার্ড থেকে বের করে দিলেন কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে দুই রোগীকে পিটিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রোগীর অভিভাবকেরা পরিচালকের কাছে অভিযোগ করার পর ওই কর্মচারীকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।রোগীর অভিভাবকেরা জানান, সকাল সাড়ে আটটার দিকে ওয়ার্ডবয় হাবিব রোগীদের জন্য খাবার নিয়ে আসেন। এ সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত সুজায়েত হোসেন (৭৫) নামের কুষ্টিয়া থেকে আসা একজন রোগী শয্যা না পাওয়ার কারণে দুটি শয্যার মাঝে মেঝেতে শুয়েছিলেন। ‘স্যার আসছেন’ বলে হাবিব তাড়াতাড়ি এই রোগীকে ওয়ার্ডের বাইরে নিয়ে যেতে বলেন। তাঁর কথা শুনে রোগীর স্বজনেরা রোগীকে বাইরে বের করার চেষ্টা করছিলেন, কিন্তু বের করতে দেরি হওয়ায় হাবিব উত্তেজিত হয়ে তাঁদের গালাগাল করতে শুরু করেন। একপর্যায়ে তিনি সুজায়েত হোসেনের পাশের শয্যায় লাথি দেন। এতে ওই শয্যার লোহার রড রোগীর কপালের ওপরে পড়ে। এতে রোগীর কপাল কেটে যায়। এ অবস্থায় ওই রোগীকে বাইরে বের করে দিয়ে ওয়ার্ডের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রোগীর স্বজনদের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হাসপাতালের পুলিশ বক্স থেকে পুলিশ আসে। জানা গেছে, একই সময় ওয়ার্ডবয় হাবিব ২৯ নম্বর শয্যায় চিকিত্সাধীন রোগী বজলুর রহমানের স্ত্রী শাপলা খাতুনকে তাঁর শয্যার পাশের জানালার কার্নিসে রাখা জিনিসগুলো ফেলে দিতে বলেন। তখন বজলুর রহমান ঘুমিয়েছিলেন। তিনি গত বৃহস্পতিবার রাতে এই ওয়ার্ডে ভর্তি হন। তাঁদের বাড়ি নগরের কাজীহাটা এলাকায়। শাপলা খাতুন হাবিবের কথায় জিনিসগুলো ফেলতে যাননি। এতে ক্ষুব্ধ হয়ে হাবিব তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন। উচ্চ স্বরে কথাবার্তার শব্দে রোগী বজলুর রহমান ঘুম থেকে জেগে ওঠেন। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে হাবিব তাঁকে মারতে মারতে উল্টা পুলিশে ধরিয়ে দিতে নিয়ে যান। শাপলা খাতুন বলেন, তাঁর স্বামীকে পুলিশের সামনে মারলেও পুলিশ উল্টা তাঁকেই শান্ত থাকতে বলেন। এ ঘটনার পরে চিকিত্সক এসে বজলুর রহমানকে ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে চলে যেতে বলেন। রোগী বজলুর রহমান বলেন, তিনি মাথার যন্ত্রণার কথা বললেও চিকিত্সক কথায় কান না দিয়ে তাঁকে ছাড়পত্র দিয়ে দেন। রোগী সুজায়েত হোসেনের স্বজন সুজন আহাম্মেদ বলেন, তাঁর রোগীর কপাল কেটে যাওয়ার পরেও হাবিব তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে তিনি হাসপাতালের পরিচালকের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ এসে ওয়ার্ডবয় হাবিবকে ধরে পুলিশ বক্সে নিয়ে যায়। কিন্তু তিনি ফিরে এসে দেখেন তাঁর রোগী ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্রে তাঁদের ঢাকায় কোনো প্রাইভেট চিকিত্সককে দেখাতে বলা হয়েছে।এ ব্যাপারে রামেক হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত উপপরিদর্শক পীযূষ কান্তি বলেন, ওয়ার্ডবয় হাবিবকে ধরে নিয়ে আসার পরে পরিচালক ডেকে পাঠান। সেখানে তিনি হাবিবকে যথেষ্ট শাসন করেন এবং তাঁকে ১৭ নম্বর ওয়ার্ড থেকে বদলি করে ২ নম্বর ওয়ার্ডে দেওয়ার নির্দেশ দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ার্ডবয় হাবিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।