পিটুনি থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় গণপিটুনি থেকে বাঁচার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়লে মো. আলমগীর (১৭) নামের এক টোকাই পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসী চোর সন্দেহে আলমগীরসহ দুই টোকাইকে পিটুনি দিলে এ ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি চট্টগ্রামে। সে বেগমগঞ্জের চৌমুহনীর একটি বস্তিতে থাকত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে চাটখিল মহিলা কলেজের সংলগ্ন কয়েকটি বাসার পেছনের পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া মাল খুঁজতে যায় আলমগীর ও সবুজ নামের দুই টোকাই। এ সময় স্থানীয় লোকজন চোর সন্দেহে তাদের পিটুনি দেয়। একপর্যায়ে পিটুনি থেকে বাঁচতে তারা দৌড়ে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবুজ পুকুর থেকে উঠে পালিয়ে যেতে পারলেও আলমগীর পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে আলমগীরের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।