পিটুনিতে চার ডাকাত, গুলিতে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। ডাকাতদের গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, গতকাল গভীর রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল মালেকের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাধা দিলে তারা গৃহকর্তাকে কুপিয়ে জখম করে। এ সময় ওই পরিবারের সদস্যদের চিত্কারে আশপাশের মানুষ জড়ো হতে থাকে। স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির খবর জানিয়ে দেওয়া হয়। এতে অন্য গ্রামের মানুষও সহায়তায় এগিয়ে আসে।এ পরিস্থিতিতে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী চার ডাকাতকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।ডাকাত দলের আরও কয়েকজন সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের পাশের পাঁচরুই গ্রাম দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে পাঁচরুই গ্রামের ইসমাইল হোসেনের শিশুপুত্র আরিফ (১২) নিহত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, পুলিশ আজ বুধবার সকালে চার ডাকাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।