পিঠা উৎসব
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বেগম রোকেয়া বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ১৬ জানুয়ারি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী তাদের বানানো পিঠা প্রদর্শন করে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিশু-সংগঠক সিরাজুল আজম, চিত্রশিল্পী সাজেদুল ইসলাম, আবুল কাশেম, আশীষ পোদ্দার, সুস্মিতা পোদ্দার, সামিয়া জামান, জাহিদুল ইসলাম প্রমুখ। ভালো পিঠা বানানোর জন্য শারমীন আক্তার, হাবিবা রহমান, সেতু দাস, জেরিন রহমান ও নাজনীন আক্তারকে পুরস্কার দেওয়া হয়। মা সমাবেশ অনুষ্ঠিত: ‘মা-ই পারেন সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাতে ও পড়ার টেবিলে বসাতে’—এ স্ল্লোগানকে সামনে রেখে ১৫ জানুয়ারি ফরিদপুর শহরের সাজেদা কবিরউদ্দীন উচ্চবিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়। জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক আলতাফ হোসেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামচ্ উন নাহার, ফুলকির সভাপতি অঞ্জলি বালা, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুন্শী হারুন আর রশিদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম, টেপাখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা সনাকের ইয়েস গণনাট্য দল ‘দুর্নীতের রকমফের’ শীর্ষক দুর্নীতিবিরোধী একটি নাটক পরিবেশন করে।