পিঠা-পুলি, গানে-নাচে ভরপুর পৌষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরে হঠাৎ করেই ঝিরি ঝিরি বৃষ্টি। প্রায় জনশূন্য রাজপথের বাতিগুলো তখনো মিটমিট করে জ্বলছে। দু-একটি যানবাহন মুহূর্তেই কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। রমনার ঘাস আর গাছের পাতাগুলো ভেজা। এমনই পরিবেশে গতকাল শুক্রবার সকালে রমনা বটমূলে শুরু হলো ‘পৌষমেলা’। শীতের জড়তা কাটিয়ে যাঁরা সাতসকালে হাজির হয়েছিলেন, রমনার বটমূলের আনন্দের উষ্ণতায় সময় কাটিয়েছেন তাঁরা। ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ স্লোগান নিয়ে রমনা বটমূলে ত্রয়োদশ বারের মতো শুরু হয়েছে পৌষমেলা। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ‘আইলা’ জ্বালিয়ে তিন দিনের মেলার উদ্বোধন করেন। এ সময় রফিকুল ইসলাম পাঠ করেন শীতের কবিতা ‘হে শীতের সূর্য’। এ সময় উদ্বোধকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আয়োজক পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছ, সহসভাপতি ঝুনা চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ। ঘোষণাপত্র পাঠ করেন চৌধুরী সামসুল হুদা সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন মানজার চৌধুরী। দুই পর্বে বিভক্ত আয়োজনের প্রথম পর্বের শুরুতেই ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ‘পৌষ এলো গো, পৌষ এলো’। সম্মেলক কণ্ঠে গানটি পরিবেশন করে ‘নিবেদন’। এরপর একক কণ্ঠে শিল্পী নাসিমা শাহিন পরিবেশন করেন ‘এ কি অপরূপ, রূপে মা তোমার’। ফকির আলমগীর শোনান ‘অন্তরে কান্দে গো আমার গ্রাম’। দেশের গানের পর মাটির গান ভাওয়াইয়া। সফিউল আলম শোনান ভাওয়াইয়া ‘মনটাই মোর পিঠা খাবার চাই’। এরপর একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন রূপু খান, নার্গিস চৌধুরী, আবু বকর সিদ্দিক ও বুলবুল ইসলাম। তাঁদের কণ্ঠে গীত হয় ‘লেপ-তোশকে মানে না শীত’, ‘তোমায় গান শোনাবো’ ইত্যাদি।দলীয় সংগীতে অংশ নেয় বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও প্রতীতি। তারা পরিবেশন করে ‘পৌষে বাউ পাহাড়ি, মাঠে নতুন তরকারি’, ‘এবার ধান কাটিবো কচাকচ’ ও ‘এলো যে শীতেরও বেলা’। দলীয় নৃত্যে অংশ নেয় স্পন্দন ও নটরাজ। একক আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন ও লায়লা আফরোজ।বিকেলের পর্বে একক সংগীত পরিবেশন করেন অনুপ ভট্টাচার্য, নাদিরা বেগম, সালাউদ্দিন আহমেদ, ফাহিম হোসেন চৌধুরী, মহাদেব ঘোষ, আজগর আলীম, লুতু সরকার, শেখ আলাওল হক প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র ও দৃষ্টি। একক আবৃত্তিতে অংশ নেন আহকাম উল্লাহ, শাহদাৎ হোসেন, মাশকুর-ই-সাত্তার, নায়লা তারাননুম চৌধুরী প্রমুখ। লোকসংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার সমীর বাউল ও তাঁর দল। ছিল টাঙ্গাইলের শিল্পীদের সঙযাত্রা। বটমূলে লোকজ নকশায় অলংকৃত চমৎকার মঞ্চ। সামনে শামিয়ানা টানিয়ে শ্রোতাদের বসার ব্যবস্থা। পৌষের পুরো আমেজ নিয়েই মেলা প্রাঙ্গণে পিঠা-পুলির আয়োজন সাজিয়ে বসেছিল ৩২টি স্টল। এসব স্টলে শুধু পিঠাই নয়, আরও রয়েছে নানা ধরনের খাবার সামগ্রী, মধু, বুটিকের পোশাক ইত্যাদি। গরম গরম ভাপা, চিতই ও তেলের পিঠা ছাড়াও স্টলগুলোতে ছিল দুধরাজ, পুলি, পানতোয়া, পাটিসাপটা, ফুলঝুরি, মুখপ্রাশন, ঝালপিঠা, গোলাপ ফুল পিঠা, খেজুরের পিঠা, সেমাই পিঠা, মেরা পিঠা, পাকান পিঠা, রস পিঠা, নারকেল পিঠা, চিঁড়ার মোয়া, কাউনের মোয়া, ঝালপোয়া ইত্যাদি। এ ছাড়া যান্ত্রিক নগরে দুষ্প্রাপ্য খেজুরের রসের আস্বাদও গ্রহণ করেছেন অনেকে।