পিঠা-পুলির উত্সবে মুখর শিল্পকলার প্রাঙ্গণ
থরে থরে সাজানো নকশি পিঠা। বিভিন্ন নকশায় তৈরি এসব পিঠা দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি খেতেও অনেক স্বাদ। শুধু নকশি পিঠাই নয়, পাশাপাশি রয়েছে আরও রকমারি পিঠা। যেগুলোর আকার-সৌন্দর্যও আলাদা, আলাদা স্বাদও। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার উত্সব বসেছে শিল্পকলা একাডেমী চত্বরের কফি হাউস অঙ্গনে। আয়োজন করেছে জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদ।নকশি পিঠা খাচ্ছিল ছোট মেয়ে সুমি। তার মা এ রকম একটা উত্সবের জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানান। কেননা তাঁর এই ছোট মেয়ে ভাপা পিঠা ছাড়া অন্য কোনো পিঠা দেখেওনি, খায়ওনি। এখানে একসঙ্গে অনেক পিঠা দেখতে পারছে, খেতে পারছে। উত্সবে বিভিন্ন পিঠার মধ্যে প্রতি স্টলেই রয়েছে ভাপা পিঠা। ভাপা পিঠাও রয়েছে আবার কয়েক ধরনের। তবে নকশি পিঠার সৌন্দর্য সহজেই দৃষ্টি কাড়ে। রয়েছে ডুবোতেলে ভেজে তৈরি তেল পিঠা, নারকেলের নাড়ু, চিতই, পুলি, মেরা পিঠা, সাজের পিঠা, খেজুরের গুড়ের পিঠা।ভুট্টার গুঁড়া, ডিম, দুধ আর নারকেল দিয়ে তৈরি হয়েছে ভুট্টা পিঠা—জানালেন পুরান ঢাকার অন্তর পিঠাঘরের মাহবুবা নার্গিস। তিনি জানান, উত্সবে মোট ৬০ ধরনের পিঠা প্রদর্শন করা হবে। তাঁর দোকানের গোলাপ ফুল পিঠা সহজেই দৃষ্টি কাড়ে। উত্সবে ঘুরতে আসা আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমরা দিন দিন আমাদের গ্রামের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। এ উত্সব পিঠার পাশাপাশি আমাদের গ্রামীণ ঐতিহ্যে নিয়ে যাবে।’কুমিল্লা আর রংপুরের সমন্বয়ের স্টল হচ্ছে উত্সব পিঠাঘর। এখানে আনারসের মতো দেখতে আনারস পিঠা রয়েছে। দৃষ্টিনন্দন নকশি পিঠা, খেজুরের গুড়ের ক্ষীর রয়েছে। এ স্টলের আফরোজা খান বলেন, ‘কর্তৃপক্ষ মেলার খুব একটা প্রচারণা চালায়নি। আরও প্রচার করলে ভালো হতো।’ পিঠা কিনছিলেন একজন ক্রেতা। উত্সব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা শহরে কোনো পিঠা চোখে পড়ে না। চারদেয়ালের মধ্যে দু-একটি পিঠা খাওয়ার চেয়ে সম্মিলিতভাবে খাওয়ার মজা অনেক।’ খুলনার রংধনু পিঠাঘরে শোভা পাচ্ছে মুগের ডালের তৈরি মুগপাকন, বুটের হালুয়া, গাজরের নাড়ু, মাংস পুলি, রস সুন্দরী। গাজীপুরের পঞ্চমেলা পিঠাঘরে আট রকমের পিঠার প্যাকেজ পাওয়া যাচ্ছে। শীতের পিঠা নামের স্টলে পিঠার পাশাপাশি রয়েছে মাদারীপুরের ঐতিহ্য ক্ষীর। মুন্সিগঞ্জের বাহারি পিঠাঘর উত্সবে এনেছে ২৯ রকমের পিঠা। এর মধ্যে রয়েছে আলুপিঠা, তিলের পিঠা। উত্সবে পিঠা খেতে এসেছেন এনজিওকর্মী মীর ইমরানুল ইসলাম। তিনি বলেন, ‘এটি একটি খুব ভালো উদ্যোগ; কিন্তু পরিবেশটা আরও ভালো দরকার ছিল। এখানে অনেক ময়লা-আবর্জনা। বাতাসে উড়ছে ধুলাবালি।’ তিনি আরও জানান, বেইলি রোডে পিঠার দোকানে দাম অনেক বেশি। আবার আসল স্বাদটাও পাওয়া যায় না। কিন্তু এখানে পিঠার আসল স্বাদ, ঘ্রাণ পাওয়া যাবে।বিক্রমপুরের পিঠা হাট স্টলে বসেছিলেন নাট্য অভিনেত্রী মোমেনা চৌধুরী। সঙ্গে ছিল তাঁর মেয়ে ওরিশি। এখানে ডিজিটাল পিঠা নামে একটি পিঠা ছিল। পিঠা আবার ডিজিটাল হয় কেমন করে এমন প্রশ্নে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই পিঠার নাম হয়েছে ডিজিটাল।’ এই পিঠার উপাদান চালের গুঁড়া আর দুধের ক্ষীরশা। এখানে অন্যান্য পিঠার মধ্যে ছিল এলেবেলে পিঠা, রস গোলাপ, লবঙ্গ লতিকা, ফুল পিঠা প্রভৃতি।একটি স্টলের মালিক সুপ্তি জানান, উত্সবে ধুলাবালিটা অনেক বেশি। জায়গাটা স্বাস্থ্যসম্মত নয়। রয়েছে আলোর স্বল্পতা। জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদ ২০১০-এর সদস্যসচিব খন্দকার শাহ্ আলম জানান, বাঙালির ঐতিহ্যকে লালন করার প্রয়াসে এই পিঠা উত্সব। এর আগে দুবার পিঠা উত্সব হলেও এবারই প্রথম জাতীয়ভাবে উত্সবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘পাশ্চাত্যের বিভিন্ন খাবারে আমাদের ঐতিহ্যবাহী পিঠা ঢেকে যাচ্ছে। পিঠা উত্সবের মাধ্যমে সেটা উঠে আসবে বলে আমি মনে করি।’ ধুলাবালির প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমী এখানে বালু ফেলেছে। যদি ঘাস লাগাত, তাহলে বালু থাকত না। তার পরও এখন পানি দিয়ে বালু ভিজিয়ে রাখা হচ্ছে।’জাতীয় পিঠা উত্সব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। উত্সব অঙ্গনে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।