পিঠাপিঠি হরতালে চিড়েচ্যাপটা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধ ও বৃহস্পতিবারের হরতালে রাজধানী ঢাকার মানুষ ছিল অনেকটা গৃহবন্দী। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির ব্যবধানে আবারও দুই দিনের হরতাল আজ থেকে। এই অবস্থায় মাঝখানের দুই দিন রাজধানী ও দূরপাল্লার পথে চলাচল বেড়ে যায়। ফলে ঢাকা ও ঢাকার বাইরে দীর্ঘ সময় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে পথে নামা মানুষকে। পুলিশ, যাত্রী ও পরিবহন-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে ছুটির দিনে ঢাকায় যে পরিমাণ মানুষ এবং যানবাহনের চলাচল থাকে, গত শুক্রবার ছিল তার ব্যতিক্রম। বিশেষ করে, শুক্রবার বিকেলে রাজধানীর বিপণিবিতান এবং আন্তজেলা টার্মিনাল ও রেলস্টেশনের আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার যানজট অসহনীয় হয়ে ওঠে। এ ছাড়া হরতালের কারণে সৃষ্ট অঘোষিত লম্বা ছুটির কারণে মানুষ ঢাকার বাইরে ছোটায় যানজট বেঁধেছে মহাসড়কে। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগরে পথে নামা অত্যধিক মানুষের চাপে যান চলাচল বেড়ে যায়। এ কারণে টাঙ্গাইল, গাজীপুর ও কুমিল্লার বিভিন্ন স্থানে মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে দুর্ভোগে পড়ে যাত্রীরা। রাজধানী: পুরান ঢাকার বাসিন্দা আখতার হোসেন শিশুসন্তানকে টিকা দেওয়ার জন্য মহাখালীর উদ্দেশে গুলিস্তান থেকে বাসে ওঠেন সকাল ১০টায়। সাড়ে সাত কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছান বেলা একটার পর! টিকা দিয়ে যখন গুলিস্তান ফেরেন, তখন দুপুর গড়িয়ে বিকেল সাড়ে পাঁচটা। আখতার হোসেনের সঙ্গে কথা হয় বিকেল সাড়ে পাঁচটায় গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে। আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা আখতার বললেন, ‘বউ-বাচ্চা নিয়ে দুই দিন আগেই টিকা দিতে যাওয়ার কথা ছিল। হরতালের কারণে সম্ভব হয়নি। আগামীকাল (আজ) রোববার থেকে আবার দুই দিনের হরতাল। তাই আজকের (গতকাল) সুযোগ হাতছাড়া করি নাই।’ আখতারের মত বাধ্য হয়ে ঘরবন্দি আরও লাখো মানুষ এভাবে সুযোগ নিতে পথে নামায় সবারই এই ভোগান্তি। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গলিপথেও যানজট দেখা গেছে। সকাল ১০টায় মিরপুর রোডের শ্যামলী থেকে কলাবাগান পর্যন্ত যানবাহনে ঠাসা ছিল। এই পথে যান চলেছে হাঁটার গতিতে। এ সময় লালমাটিয়া, মোহাম্মদপুর ও ধানমন্ডির গলিগুলোতেও দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। বিকেল সাড়ে চারটার দিকে নীলক্ষেতে কথা হয় লিয়াকত আলীর সঙ্গে। টঙ্গী থেকে তিনি বই কিনতে এসেছেন। লিয়াকত বলেন, ‘নিউমার্কেটে আসতে পাক্কা পাঁচ ঘণ্টা লেগেছে। যেতে কয় ঘণ্টা লাগবে এই চিন্তায় আছি। হরতালের আগের রাতে গাড়ি পোড়ানোর ভয় তো আছেই।’মিরপুর-গুলিস্তান পথে চলাচলকারী ইটিসি পরিবহনের শ্রমিক মো. সুমন গতকাল বিকেলে গুলিস্তানে বলেন, ‘সন্ধ্যার পর বাস পোড়ানো হবে—এই ভয়ে দিনে যত ট্রিপ দেওয়া যায় সে চেষ্টায় আছি। কিন্তু যানজটের কারণে কাজ হচ্ছে না।’ হরতালের আগের বাড়তি চাপের সঙ্গে যোগ হয় রাজপথের সমাবেশ। গতকাল বিকেলে বিএনপি নয়াপল্টনে রাস্তা দখল করে সমাবেশ করে। এর ফলে কাকরাইল, পুরানা পল্টন, গুলিস্তান, মালিবাগ ও মতিঝিল এলাকা একরকম অচল হয়ে যায়। এ ছাড়া মগবাজার রেলক্রসিংয়ে গতকাল বিকেলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় মহাখালীর দিকে যাওয়ার পথ দীর্ঘক্ষণ বন্ধ থাকে। এর ফলে গাড়ির দীর্ঘ সারি একদিকে কাকরাইল ও অন্যদিকে মালিবাগ গিয়ে ঠেকে। কুমিল্লা প্রতিনিধি: ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল আটটায় ছেড়ে ড্রিম লাইন পরিবহনের একটি বাস বিকেল চারটায় কুমিল্লা সেনানিবাসে পৌঁছায়। ওই বাসের চালক আবুল খায়ের বলেন, ‘দুই ঘণ্টার পথ যাইতে লাগছে আট ঘণ্টা।’ গতকাল দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার একজন কর্মকর্তা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিদিন গড়ে ১৬ হাজার যানবাহন চলাচল করে। আগে-পিছে হরতালের কারণে গতকাল যানবাহন চলাচল করে প্রায় ১৮ হাজার।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে হাটবাজার বসলে ও দুর্ঘটনা হলে যানজট বেড়ে যায়। এবার হরতালের কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর আনসার একাডেমি, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও বাসচালকেরা জানান, হরতালের কারণে মহাসড়কে যানবাহন বেড়ে গেছে। এছাড়া কোনাবাড়ী থেকে টঙ্গী পর্যন্ত রাস্তায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। এর ফলে শনিবার ভোর থেকেই ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। কোনাবাড়ীতে আটকে থাকা আজমেরী পরিবহনের চালক মানিক মিয়া বলেন, চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে এ পথটুকু ১০ থেকে ১৫ মিনিটে পার হওয়া যায়। মৌচাকে কথা হয় আহাম্মদ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘ছুটি নিয়েছি দেশের বাড়ি রাজশাহী যাব। যানজটের কারণে কোনো বাসই এগোতে পারছে না।’ অপরদিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী, শ্রীপুর ও বাইপাইল এলাকাতেও ২৫-৩০ কিলোমিটার যানবাহনে ঠাসা ছিল। এ সময় গাড়ি চলেছে অতি ধীরগতিতে।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, শনিবার ভোর থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।