পিঠাপুলির ধুম...
নারিন্দার শরৎগুপ্ত রোডের ওহিদন নেসার বাসায় সাজ সাজ রব। চাল ভাঙানোর হস্তচালিত কল ‘জাঁতা’ দিয়ে চাল ভাঙানো হচ্ছে। বর্ষীয়সী ওহিদন নেসার হাতজোড়া ঘুরতে থাকে জাঁতার হাতলে। আর চারপাশে সাদা সাদা চালের গুঁড়া জমে উঠতে থাকে। ওহিদন নেসা জানান, তাঁর বিয়ের বছর মায়ের বাড়ি থেকে দুই মণ চালের পিঠা পাঠানো হয়েছিল। এর পুরোটাই ভেঙেছিলেন ওহিদন নেসার মা ওবেদন নেসা। ফলে জাঁতা ঘোরানোর কাজটি ওহিদন নেসার রক্তে বইছে। শীতের মৌসুম এলে ছেলেমেয়ে, মেয়েজামাই আর নাতি-নাতনিদের পিঠাপুলি না খাইয়ে থাকতে পারেন না তিনি।পুরান ঢাকার আদি পরিবারগুলোয় এখনো পারিবারিকভাবে পিঠা বানানোর আয়োজন থাকে। পৌষ-মাঘ মাসজুড়েই থাকে পিঠাপুলি বানানোর ধুম। ব্যস্ত নাগরিক জীবনে ঢাকার অন্যান্য এলাকায় ঘরে ঘরে শীতের পিঠা বানানোর খবর তেমন একটা পাওয়া যায় না। তবে শীতের পিঠার স্বাদ থেকে কেউই দূরে থাকতে চায় না। তাই কেউ পিঠার খোঁজে ছুটছে পিঠার দোকানে, কেউ যাচ্ছে সুপারস্টোরে। এগুলোয় মিলছে হোম-মেড পিঠা। অপর দিকে বাঙালির পিঠাপ্রেমের পরিচয় পাওয়া যাচ্ছে একের পর এক পিঠা উৎসবে।পুরান ঢাকায় ঘরে ঘরে পিঠা তৈরির কাজটা কিন্তু সহজ হয়ে এসেছে। কারণ, এখন হাতে জাঁতা না ঘুরিয়ে মেশিনেও করা যাচ্ছে চালের গুঁড়া। লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজার, গেন্ডারিয়ায় আছে চাল ভাঙানোর একাধিক মিল। ভোজনরসিক বলে যে সুনাম ঢাকাই পরিবারগুলোর আছে, সেটা তাদের খানাদানায় ষোলোআনা ফুটে ওঠে। পিঠা বানানোর কায়দা-কানুন এমনকি নামেও রয়েছে ঢাকাই ছাপ। ঢাকার আঞ্চলিক ভাষায় ভাপা পিঠার নাম ‘ভাকা পিঠা’। আবার পিঠাটির অন্য এক নামের কথা জানালেন ঢাকা গবেষক শায়লা পারভীন। তিনি জানান, ভাপা পিঠার ঢাকাই সংস্করণ হলো ‘হাতাইন্যা’। এক থান মালাই, কিশমিশ, পেস্তাদানা, গুড় প্রভৃতি দিয়ে বানানো হয় হাতাইন্যা পিঠা। একেকটার আকার হয় ঢাউস। আবার নারিন্দা, দক্ষিণ মৈশুণ্ডির বনেদি পরিবারগুলোয় ভাপা পিঠায় লালমোহন, ক্ষীরমোহন নামের মিষ্টান্ন ব্যবহার করা হয়। মিষ্টিগুলোর সঙ্গে মালাই, কিশমিশ আর পেস্তাদানা যোগ করে স্বাদ আরও বাড়ানো হয়। পিঠার ঝাল পদগুলোর মধ্যে ঢাকাই পরিবারের সবচেয়ে পছন্দের পিঠা ‘আন্ডাপোয়া’। এই পিঠা দেখতে পোয়া পিঠার মতো। আন্ডাপোয়া পিঠা বানাতে লাগে ডিম, ধনেপাতা, পেঁয়াজ আর পুদিনাপাতা। এটি ভাজা হয় ডুবো তেলে।ঢাকাই চিতই পিঠায় ব্যবহার করা হয় ডিম। ঢাকার কোথাও চালের গোলায় (মণ্ড) ডিম মেশানো হয়। আবার কোথাও একটা পিঠার ওপরে একটি আস্ত ডিম কুসুমসহ ঢেলে দেওয়া হয়। ফলে আর দশটা চিতই পিঠা থেকে ঢাকাই চিতইকে সহজেই আলাদা করে চেনা যায়।ঢাকাই পিঠার আরও কিছু পদের কথা জানালেন বংশালের দিল মোহাম্মদ। তিনি ৩০ বছর ধরে চালাচ্ছেন বাংলার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পিঠাঘর’। আর দশটা সাধারণ পিঠার সঙ্গে দিল মোহাম্মদের পিঠার রয়েছে ফারাক। পিঠা বানানোর উপকরণের তারতম্য আর স্বাদে এসেছে পরিবর্তন। যেমন—পোয়া পিঠা বানাতে দিল মোহাম্মদ চালের গুঁড়ার সঙ্গে ব্যবহার করেন দুধ। আবার পাটিসাপটা পিঠায় রয়েছে রকমফের। কোনোটা মালাই দিয়ে, কোনোটা ক্ষীরশা আবার কোনোটা পাতি ক্ষীরশা পুরো করে বানানো হয় পাটিসাপটা। উষ্ণগুজা পিঠায় নারকেল-গুড়, মালাই কিংবা ক্ষীরশা দিয়ে পুর বানান তিনি। আবার ভাপা পিঠার ভেতরে দেন নারকেল-গুড়, মালাই কিংবা ক্ষীরশা।দিল মোহাম্মদের দোকান পেরিয়ে সরু গলির শেষ মাথায় কসাইটুলি জামে মসজিদ। মসজিদের গা ঘেঁষে যে রাস্তাটি আরমানিটোলার দিকে চলে গেছে, সেখানে রয়েছে কয়েকটি পিঠার দোকান। শীত বলে এখানটায় কর্মব্যস্ততা বেশি। একই অবস্থা নগরের সুপারস্টোরগুলোয়। এদিকে জানুয়ারি মাসের শুরুতে রমনার বটমূলে পৌষ-উৎসবের মধ্য দিয়ে নগরে পিঠা উৎসবের শুরু হয়েছিল। শীতের পিঠা খাওয়ার পালে হাওয়া লাগিয়ে গেল জাতীয় পিঠা উৎসব উদ্যাপন কমিটি। তাদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে ২১ জানুয়ারি শেষ হলো সপ্তাহব্যাপী পিঠা উৎসব।