পিঠার পিঠে আসছে শীত
পাতিলের ওপর থেকে অ্যালুমিনিয়ামের ঢাকনিটা যেই সরল, অমনি কিছুটা ধোঁয়া আর খানিকটা বাষ্প বেরিয়ে এল ছোট ছোট ফুটো দিয়ে। সেই বাষ্পের সঙ্গে আতপ চালের সোঁদা গন্ধ আর খেজুরের গুড়ের মিষ্টি ঘ্রাণ নাকে এসে যায়। শীত আসি আসি করছে এ শহরে। শীতের পিঠার এই ঘ্রাণ যেন তারই নিমন্ত্রণপত্র।শীতের এই আমেজ সামনে রেখে নগরের কোনায় কোনায় এখন পিঠার দোকান বসে গেছে। বিক্রিও হচ্ছে এখানে হরদম। মিরপুর রূপনগরের আবাসিক এলাকায় হজরত আলী আর তাঁর স্ত্রী জরিনা খাতুনের দোকানের কথাই ধরা যাক। হজরত আলীর কথা শুনে তো অবাক হওয়ার দশা। প্রতিদিন প্রায় ৩০-৪০ কেজি চালের গুঁড়ো দিয়ে পিঠা বানান তাঁরা। একই সঙ্গে ছয় চুলায় ভাপা ও চিতই—এই দুই পদের পিঠা হয় তাঁদের দোকানে। ভোরে উঠেই স্বামী-স্ত্রী মিলে শুরু করেন পিঠার বাণিজ্য। চলে প্রায় দুপুর পর্যন্ত। আবার বিকেল থেকে শুরু করেন পিঠা বিক্রি, চলে রাত পর্যন্ত। দুই বেলা মিলিয়ে দৈনিক গড়ে প্রায় চার হাজার টাকার পিঠা বিক্রি করেন তাঁরা। বাসাবোর নূরী বেগমের দোকানও কিন্তু দুর্দান্ত চলে এ সময়। দুটো চুলায় পাটিসাপটা আর ভাপা করেন সকালে। আর রাতে তেলের পিঠা আর চিতই। দামও খুব বেশি নয়। ভাপা আর তেলের পিঠা পাঁচ টাকা প্রতিটি, চিতই তিন টাকা আর পাটিসাপটা ১০ টাকা। অবশ্য ১০ টাকার পাটিসাপটায় রান্না করা সুজির চেয়ে বেশি কিছু দিতে পারেন না, তবু লোকে ওটাই খায় খুব মজা করে। নূরী বেগম বললেন, ‘শহরে আইসা প্রথমে মাইনষের বাড়িতে কাম করতাম। পরে গার্মেন্টসে চাকরি লইছিলাম। পুশায় না দেইখ্যা হেই কাম ছাইড়া দিয়া অহন পিঠার দোকান করি। আল্লায় দিলে আমার খাওয়া-পরা চইলা যায়।’শুধু ফুটপাতে নয়, গ্রামবাংলার সেই ঐতিহ্যের ধারক-বাহক পিঠা কিন্তু নগরবাসীর হাতে পৌঁছে গেছে নগরের বনেদি দোকানগুলোর হাত ধরে। ৩২ বঙ্গবন্ধু এভিনিউর খাবারদাবার পিঠাঘর সে ধরনেরই একটি প্রতিষ্ঠান। প্রায় ৪০ বছর বয়স হতে চলল এ দোকানের। এখনো সুনামের সঙ্গে ক্রেতাদের রসনায় তৃপ্তি এনে দিচ্ছে খাবারদাবার পিঠাঘর। এখানে বেশ কয়েক রকম পিঠা মেলে। স্বাদও অসাধারণ। বিশেষ করে এখানকার ঝালপোয়া, চন্দ্রপাকন আর পাটিসাপটা বেশ ভালো খেতে। ভাপা, পুলি, দুধ-চিতই, তিলের পিঠা কিংবা নকশিপিঠারও রয়েছে যথেষ্ট নামডাক। অথচ স্বাদের তুলনায় দামটা কিন্তু খুবই কম। সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে দোকান। খাবারদাবার পিঠাঘরের মতো অত পুরোনো না হলেও শহরের আরেকটি বনেদি দোকান হলো নিউ বেইলি রোডের বেইলি পিঠাঘর। সারা বছরই পিঠা মেলে এখানে। ভোজনরসিকেরা বেশ আগ্রহ করেই এখান থেকে পিঠা কিনে নিয়ে যায়। সাধারণত যেসব পিঠা আমাদের চোখে পড়ে সেসব তো মেলেই, উপরি হিসেবে এ দোকানে পাওয়া যায় আরও বেশ কয়েকটি ভিন্ন রকমের পিঠা। যেমন বিবিখানা, লবঙ্গলতিকা, রসফুল, সরভাঙ্গা, গোলাপ কিংবা নারকেলঝুড়ি পিঠা। এ ছাড়া শুধু শীতকে উপলক্ষ করে এখানে পাওয়া যায় সেমাই চুই পিঠা। বলাই বাহুল্য, এখানেও সব সময়ই লেগে থাকে ক্রেতাদের ভিড়। পিঠার ঐতিহ্যের কথা বললে পুরান ঢাকার নামটা আসবেই। কেননা, পুরান ঢাকার আদি বাসিন্দাদের কাছে শীত-গ্রীষ্ম বলে কোনো কথা নেই, সারা বছরই পিঠার চল রয়েছে তাদের মধ্যে। আর পুরান ঢাকার পিঠার দোকানগুলোর মধ্যে বংশালের সালাম পালোয়ানের গলির ‘বাংলার ঐতিহ্যবাহী পুরান ঢাকার পিঠা’ দোকানের অন্য রকম সুনাম রয়েছে। এ দোকানের মালিক দিল মোহাম্মদ জানান, প্রায় ৩০ বছর হয়ে গেছে তাঁর এ ব্যবসার। নানা স্বাদের পিঠা বানিয়ে তিনি বিক্রি করে চলেছেন আজও। তাঁর দোকানের সুনাম এখন লোকের মুখে মুখে ফেরে।গ্রামবাংলার হেঁসেলঘর আর মাটির চুলা ছেড়ে শহরের ফুটপাথ কিংবা বনেদি দোকানে এসেই কিন্তু থেমে থাকেনি পিঠার যাত্রা। গ্রামবাংলার পিঠার স্বাদ শহরের পাঁচতারকা হোটেলের হাত ধরে পৌঁছে গেছে এ দেশের অভিজাত কিংবা নিতান্তই ভিন দেশিদের কাছেও। পাঁচতারকা হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে খাদ্য উৎসবে এসে ভরপেট খাবারের পর ডেজার্ট হিসেবে পাটিসাপটার স্বাদ নিতে দেখা গেল অনেককেই। একবার নিয়েই থেমে থাকেননি তাঁরা। বরং একটা শেষ করেই আরেকটা তুলে নিয়েছেন পাতে। বোঝাই যাচ্ছে, আমাদের পিঠার স্বাদ ভিন দেশি মেহমানদের রসানয়ও যোগ করে দিয়েছে ভিন্ন রকম একটা মাত্রা।