ভারতের প্রখ্যাত শিল্পী হরেন দাস ও তাঁর পুত্র চন্দন দাসের চিত্রকলা প্রদর্শনী আজ থেকে শুরু হচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। সন্ধ্যা ছয়টায় ‘প্রশান্ত প্রকৃতি’ শীর্ষক নয় দিনের এই প্রদর্শনী উদ্বোধন করবেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন শিল্পী রফিকুন নবী, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও সৈয়দ আজিজুল হক।প্রদর্শনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্যালারিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিল্পী চন্দন দাস এবং গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। এতে জানানো হয়, প্রদর্শনীতে হরেন দাসের ৫১টি এবং চন্দন দাসের ২৪টি চিত্রকর্ম থাকবে। প্রদর্শনী ২২ অক্টোবর ২০১১ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।হরেন দাস: শিল্পী হরেন দাস ১৯২১ বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তিনি যৌবনের দিনগুলো অতিবাহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন তিনি ভারতের অন্যতম সেরা ছাপচিত্রশিল্পী ছিলেন। হরেন দাস গভর্নমেন্ট স্কুল অব আর্ট অ্যান্ড ক্র্যাফটস থেকে ১৯৪৪ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। চল্লিশের দশকে ভারতবর্ষের শিল্পানুরাগীদের মধ্যে হরেন দাসের ছাপচিত্র শিল্পগুণে ও রচনাশৈলীতে আদৃত হয়। তিনি খ্যাতিমান হয়ে উঠেছিলেন ছাপচিত্রে গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরে। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ‘অবনীন্দ্র’ পুরস্কার লাভ করেন। শিল্পী হরেন দাস ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন।আবৃত্তিতে মায়ের প্রতি শ্রদ্ধাগতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত হলো মাকে নিয়ে কবিতার আবৃত্তি সন্ধ্যা ‘জননী-যন্ত্রণা’। ‘আকাশকে ছুঁয়ে দেখি আকাশভরা আলো’—এ কথাকে মূল প্রতিপাদ্য করে আয়োজিত এ আবৃত্তিসন্ধ্যার গ্রন্থনায় ছিলেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। আর আয়োজনে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। অনুষ্ঠানে এ প্রজন্মের ২২ জন আবৃত্তিকার আবৃত্তি করেন ২২ জন প্রখ্যাত কবির ‘মা’ নিয়ে লেখা কবিতা।তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র উৎসবইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) উদ্যোগে গতকাল থেকে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে শুরু হয়েছে ‘তারেকে মাসুদ অ্যান্ড ক্যাথারিন মাসুদ ফিল্ম রেট্রোস্পেক্টিভ’। তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথারিন মাসুদ। প্রতি বৃহস্পতিবার একটি করে মোট তিনটি ছবি দেখানো হবে উৎসবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় তারেক মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক তথ্যচিত্র মুক্তির গান ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর।কলকাতায় বাংলাদেশ বইমেলায় বিক্রি ভালোকলকাতা প্রতিনিধি জানান, কলকাতায় আয়োজিত বাংলাদেশের বইমেলার দ্বিতীয় দিনে বইপ্রেমীদের ভিড় ছিল যথেষ্ট। বই বিক্রিও হয়েছে ভালোই। বুধবার থেকে কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশের এই একক বইমেলা।উদ্বোধনী দিনে ভিড় ছিল প্রচণ্ড। দ্বিতীয় দিনেও কলকাতার গ্রন্থানুরাগীরা স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের বইটি কিনেছে। যাদবপুরের বাসিন্দা অভিজিৎ সরকার বলেছেন, ‘বাংলাদেশের বইমেলার খবর শুনে ছুটে এসেছি। ভালোই লাগছে। তবে বইমেলাটি যদি উন্মুক্ত স্থানে হতো, তাহলে আরও বেশি লোকসমাগম হতো। এখানে বইমেলার জন্য জায়গা অত্যন্ত কম। নন্দনের পাশে স্টল তৈরি করে বইমেলার আয়োজন করা হলে ভালো হতো।’বিরাটির শিপন মণ্ডল বলেছেন, ‘বাংলাতে কম্পিউটারের নানা বই দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশে এই ধরনের বই বাংলাতে পাওয়া যায়, আগে জানা ছিল না।’অন্যদিকে যোগদানকারী প্রকাশকেরা বলেছেন, বিক্রি হচ্ছে ভালোই। মেলার আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন যৌথভাবে। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বাংলাদেশের ২৯টি প্রকাশনা সংস্থা এই বইমেলায় অংশ নিয়েছে। এই মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।এই বইমেলা উপলক্ষে আজ ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নেহরু চিলড্রেনস মিউজিয়াম মিলনায়তনে ‘বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা ও আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক এক সেমিনারও অনুষ্ঠিত হবে।