পিতার কবরে শায়িত আতাউস সামাদ
বৃষ্টিভেজা দিনের শেষে আকাশে কোমল আলোর রেখা। আজিমপুর কবরস্থানে ঘাসের ডগায় ও গাছপালার ভেজা পাতায় সেই আলোর দীপ্তি। যেন তাঁকে স্বাগত জানাচ্ছিল। পিতার পুরাতন কবরটি খনন করা হয়েছিল নতুন করে। সেখানেই চিরশায়িত হলেন আতাউস সামাদ। এর আগে জাতীয় প্রেসক্লাবে প্রথিতযশা এই সাংবাদিকের দীর্ঘদিনের সহকর্মী, সুহূদ ও সাধারণ মানুষ ফুলে ফুলে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষবিদায় জানান। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। বেলা ১১টা নাগাদ গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে আতাউস সামাদের মরদেহ আনা হয় তাঁর বারিধারার বাসভবনে। তিনি বুধবার রাত নয়টা ২৫ মিনিটে অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। রোববার তাঁকে ভর্তি করানো হয়েছিল ওই হাসপাতালে।আতাউস সামাদের ভাই আতিকুস সামাদ প্রথম আলোকে বলেন, পরিবারের সিদ্ধান্ত অনুসারে রাত দেড়টার দিকে অ্যাপোলো থেকে তাঁর মরদেহ ইউনাইটেডে আনা হয়। কারণ, অ্যাপোলোতে গোসল-কাফনের যথাযথ ব্যবস্থা নেই। এ ব্যবস্থা আছে ইউনাইটেড হাসপাতালে। ধর্মীয় বিধিসম্মতভাবে গোসল-কাফন শেষ করে মরদেহ ইউনাইটেডের হিমঘরে রাখা হয়। সেখান থেকে সকালে মরদেহ বাসায় আনার পর সৃষ্টি হয় এক বেদনাবিধূর পরিবেশ। স্ত্রী কামরুন্নাহার, মেয়ে নাঈমা সামাদ ও সামিয়া সামাদসহ নিকটজনেরা কান্নায় ভেঙে পড়েন। বাসায় প্রায় এক ঘণ্টা থাকার পর অশ্রুসজল চোখে পরিবারের সদস্য ও সুহূদরা তাঁকে শেষবিদায় জানান।গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর আতাউস সামাদের প্রথম জানাজা সম্পন্ন হয়। হালকা ও মাঝারি বৃষ্টির কারণে মসজিদের ভেতরেই নামাজ আদায় করা হয়। এ সময় ছেলে আশিকুস সামাদ ও ভাই আতিকুস সামাদ তাঁর পক্ষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অন্যান্যের মধ্যে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। দ্বিতীয় জানাজার জন্য জাতীয় প্রেসক্লাবের পথে যাত্রা শুরু করে শববাহী গাড়ি।প্রেসক্লাবে জানাজার নির্ধারিত সময় ছিল বেলা তিনটা। তার আগে থেকেই বৃষ্টি সত্ত্বেও মন্ত্রী, সাংসদ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক নেতারা, জাতীয় দৈনিকের সম্পাদকেরা, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রেসক্লাবে আসতে থাকেন। বেলা তিনটা বাজার ১০ মিনিট আগেই প্রেসক্লাবের আজীবন সদস্য শেষবারের মতো ফুলে ফুলে ঢাকা শববাহী গাড়িতে করে এসে পৌঁছান তাঁর প্রিয় ক্লাব চত্বরে। ঝিরঝির বৃষ্টির কারণে জানাজা হয় ক্লাব মিলনায়তনে।কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, সাংসদ রাশেদ খান মেনন, মঈন উদ্দীন খান বাদল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ শীর্ষস্থানীয় নেতা ও সাংবাদিক নেতারা। এ ছাড়া ব্যক্তিগতভাবে প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, কামাল লোহানী, লেখক বদরউদ্দিন উমর, শওকত আলী, কবি ফরহাদ মজহার ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী শ্রদ্ধা জানান।জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ সংক্ষেপে মরহুম আতাউস সামাদের কর্মময় জীবনের অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরিবারের পক্ষে ছেলে আশিকুস সামাদ তাঁর পিতার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের পর আজিমপুর অভিমুখে যাত্রা। আকাশে হালকা রোদের রেখা। বিকেল সাড়ে চারটায় পিতার কবরে তাঁকে শায়িত করা হয় অন্তিমশয্যায়।শোক: বিভিন্ন সংগঠন গতকাল আতাউস সামাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিবৃতি দিয়েছে। এসব বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের পক্ষে শোক প্রকাশ করা হয়েছে।