পিতৃত্ব নির্ধারণে ডিএনএ টেস্ট জরুরি নয়
পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করার আদেশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে মত দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের রায় হচ্ছে, এমন বৈজ্ঞানিক পরীক্ষা কোনো কোনো সময় একটি নির্দোষ সন্তানকে জারজ বানিয়ে দিতে পারে। এমনকি সন্তানটির বাবা-মা গর্ভধারণের সময় একত্রে থাকলেও সন্তান জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এ ধরনের পরীক্ষার কারণে।বিচারপতি আফতাব আলম ও বিচারপতি আর এম লোধার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে বলেন, যখন কোনো সন্তানের পিতৃত্ব নির্ধারণের বিষয় উত্থাপিত হবে এবং যেখানে পারিবারিক বিরোধ দেখা গেছে, সে ক্ষেত্রে যতটা সম্ভব বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ব্যবহারের প্রয়োগ কমাতে হবে। কারণ এই পরীক্ষা কারও ব্যক্তিগোপনীয়তাও খর্ব করতে পারে। এমন হস্তক্ষেপ পক্ষদ্বয়ের শুধু অধিকার নষ্ট করে না, এটি সন্তানের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব এনে দিতে পারে।ভারতের ওডিশা রাজ্যের এক দম্পতির ঘরে জন্ম নেওয়া সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। সুভাশ্রী নামের এক নারী দাবি করেন যে তাঁর গর্ভে জন্ম নেওয়া সন্তান তাঁর স্বামীরই। ওই সন্তানের পিতা তাঁর স্বামীই। ভবানী প্রসাদ জেনা নামের এই ভদ্রলোক তাঁর স্ত্রীর গর্ভে আসা সন্তানকে অস্বীকার করেন এবং দাবি করেন যে এই সন্তান গর্ভধারণ করানোর ক্ষেত্রে তাঁর অংশগ্রহণ ছিল না।সুভাশ্রী এ বিষয়ে ওডিশার রাজ্য মহিলা কমিশনে অভিযোগ তোলেন। কমিশন এর পরিপ্রেক্ষিতে ভবানী প্রসাদকে তাঁর স্ত্রীর নিরাপদ গর্ভধারণ এবং বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সব ধরনের পদক্ষেপ নিতে আদেশ দেয়। শুধু তা-ই নয়, বাচ্চা জন্মানোর পর বাচ্চার যত্ন-আত্তি নিতেও আদেশ দেয় কমিশন। কমিশনের এই আদেশে ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে আপিল করেন ভবানী প্রসাদ। হাইকোর্ট তখন ডিএনএ পরীক্ষার জন্য নির্দেশ দেন। তিনি ডিএনএ টেস্ট করতে বাধ্য নন, এ মর্মে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ভবানী। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ডিএনএ টেস্ট বিষয়ে নির্দেশনা দেন। বিচারপতি লোধা তাঁর রায়ে বলেন, ‘যখন কোনো ব্যক্তির কোনো মেডিকেল পরীক্ষা করার ক্ষেত্রে ব্যক্তিগোপনীয়তার প্রশ্ন এবং সত্য উদ্ধারে আদালতের কর্তব্যের মধ্যে বিরোধ দেখা দেয়, তখন আদালতকে তাঁর অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে হবে। এ ক্ষেত্রে পক্ষসমূহের স্বার্থের ভারসাম্য নির্ধারণের পরই সিদ্ধান্ত দিতে হবে ডিএনএ পরীক্ষা কতটা জরুরি বিষয়।’সুপ্রিম কোর্টের রায়ে আরও বলা হয়, ‘বাচ্চার পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা শুধু একটা গৎবাঁধা বিষয় হলে হবে না। আদালতকে সাক্ষ্য আইনের ১২ ধারায় উল্লিখিত অনুমানের ওপর নির্ভর করতে হবে এবং ভিন্ন উদ্দেশ্য গ্রহণ করতে হবে। যেখানে এ ধরনের পরীক্ষা ছাড়া সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, সে ক্ষেত্রেই কেবল ‘অত্যাবশ্যক’ হিসেবে অনুমোদন দেওয়া যেতে পারে।