পিলখানা হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন আবেদন খারিজ করে রায় দিয়েছেন তৃতীয় বিচারপতি। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ এ রায় দেন।রায়ে আদালত বলেন, ৭৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ পর্যায়ে জামিন আবেদন বিবেচনার সুযোগ নেই। তবে তাঁর অসুস্থতার বিষয়টি দেখার জন্য সরকারি যেকোনো হাসপাতালে অথবা প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকদের নিয়ে বোর্ড গঠন করে চিকিত্সাসেবা দেওয়া যেতে পারে। গত বছরের ২৫ অক্টোবর পিলখানা হত্যা মামলায় পিন্টুর জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। বিষয়টি পরে প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি তখন সেটি এই বেঞ্চে পাঠান।আদালতে পিন্টুর পক্ষে ছিলেন খন্দকার মাহাবুব হোসেন, আমিনুল হক ও শেখ মো. আলী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল হাই ও মনিরুজ্জামান মামলা পরিচালনা করেন। জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ মামলাটি করা হয়। এতে নাসিরউদ্দিন পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়। সিআইডি পুলিশ তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। বকশীবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে মামলাটির বিচার চলছে। গ্রেপ্তারের পর থেকে পিন্টু কারাগারে আছেন।