পিন্টুর জামিন-প্রশ্নে বিভক্ত আদেশ
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যাকাণ্ডের মামলায় নাসিরউদ্দিন পিন্টুর জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকীর প্রথম আলো অনলাইনকে বলেন, পিন্টুর জামিন-প্রশ্নে রুলটি নিষ্পত্তির জন্য ছিল। জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করলেও কনিষ্ঠ বিচারপতি দ্বিমত পোষণ করেছেন। বিভক্ত রায় হওয়ার ফলে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় চলতি বছরের ৭ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পিন্টুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে একটি রুল জারি করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে রুলটি নিষ্পত্তি করতে বলেছিলেন। আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ আদেশ দেন। জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ মামলাটি করা হয়। এতে নাসিরউদ্দিন পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়।