পিন্টুর বিরুদ্ধে দুদকের মামলা চলবে
বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে করা ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে করা মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। মামলা বাতিল চেয়ে করা পিন্টুর আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি এ এম এম বশিরুল্লাহর সমন্বযে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম জানান, মামলা বাতিলের আবেদন খারিজ হওয়ায় ত্রাণের টিন আত্মসাতের মামলার কার্যক্রম চলতে আইনি কোনো বাধা নেই।পিন্টুর আইনজীবী এফ এম শাহজাহান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনকারীর (পিন্টু) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০৭ সালের ২৬ মার্চ ৭৯টি ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করে। পরে মামলাটি দুদকে স্থানান্তরিত হয়। এ মামলায় ওই বছরেরই ১০ অক্টোবর পিন্টুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বাতিল চেয়ে পিন্টুর পক্ষে আবেদন করা হলে ২০০৮ সালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন এবং দুদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত রুল জারি করেন। আজ আদালত আবেদনটি খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন।