পিপল টিভির সম্প্রচার আবার বন্ধ করে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাই কর্তৃপক্ষ আজ শনিবার সরকারবিরোধী বেসরকারি পিপল টেলিভিশন চ্যানেলটির (পিটিভি) সম্প্রচার আবার বন্ধ করে দিয়েছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র স্যানসার্ন কেউকামনার্ড বলেন, প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা ‘পিপল চ্যানেল’ বন্ধ করে দেওয়ার নির্দেশ জারির পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার শেষ রাতে একটি ভূ-উপগ্রহকেন্দ্র দখল করেন। এর আগে সে রাতে ‘লাল শার্ট’ পরা বিক্ষোভকারীরা হামলা চালিয়ে ভূ-উপগ্রহকেন্দ্রটি দখল করে ও তার কর্তৃপক্ষকে অনুষ্ঠান সেন্সর করার সরকারি সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করে।বর্তমান বিক্ষোভ চলাকালে শুক্রবারের সংঘর্ষ ছিল সবচেয়ে বড় ধরনের। যদিও রক্তপাত এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পিছু হটেন, কিন্তু ওই সংঘর্ষে ১৪ জন বিক্ষোভকারী, তিনজন পুলিশ ও একজন সেনাসদস্য আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তাঁদের মধ্যে একজন রাবার বুলেটের আঘাতে আহত হন। বাকিদের আঘাত তেমন মারাত্মক নয়।শুক্রবার মধ্যরাতের কিছু আগে স্যানসার্ন বলেন, ‘আমরা আজ পশ্চাদাপসরণ করেছিলাম, কেননা আমরা কোনো প্রাণহানি বা কেউ আহত হোক তা চাইনি।’ তিনি আরও বলেন, কিন্তু স্টেশনটি সহিংসতার জন্য উসকানি দিয়ে এবং মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশটির ক্ষতি করছে।এ ব্যাপারে দেশ থেকে বহিষ্কৃত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার লাল শার্ট পরা সমর্থকদের প্রতিক্রিয়া জানা যায়নি।গত এক মাস ধরে লাল শার্ট পরা থাকসিন সমর্থকেরা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। আগাম নির্বাচনের দাবিতে ব্যাংককে অন্তত ১০ হাজার লোক জড়ো হলেও তাদের প্রধান দুটি জমায়েত থেকে গতকাল রাতে কয়েক হাজার লোক চলে গেছে।রাজধানী ব্যাংককসহ অন্যান্য এলাকার লাল শার্ট পরিহিত অনেক বিক্ষোভকারী থাই নববর্ষের উত্সব উপলক্ষে চলতি সপ্তাহান্তে পরিবারের লোকজনের সঙ্গে যোগ দিতে রাজধানী ত্যাগ করতে চায়। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল এ উত্সব চলবে।—রয়টার্স