পিপলস ও কওমি জুট মিল শিগগির চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পিপলস এবং সিরাজগঞ্জের কওমি জুট মিল শিগগির চালু করা হবে। এ জন্য মিল দুটিতে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে। সরকার থেকে সার্বক্ষণিকভাবে এ কাজ তদারকিও করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এ ছাড়াও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে পাট বিশেষজ্ঞদের ট্রেড কাউন্সিলর হিসেবে নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।সভায় আরও জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া সব পাটকল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় প্রথম দফায় দুটি পাটকল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় আদমজী সন্সের দুর্নীতি তদন্তের জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এই তদন্তকাজে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য প্রাইম ও জনতা ব্যাংকের পরিচালকদের তদন্ত কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় দেশের বস্ত্র ও পাটকলগুলোকে নিজস্ব শক্তিতে দাঁড় করানোর উদ্দেশ্যে সঠিক পরিকল্পনা গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়নকাজ পরিচালনার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা ছাড়াও মন্ত্রণালয় ও সংস্থার কর্মকাণ্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত ও লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ক্ষেত্রে আন্তরিক ও নিরলস ভূমিকা পালন করায় কমিটির পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বেগম নূর-ই হাসনা লিলি চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরী, শফিকুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।