মাইক্রোসফটের আয়োজনে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির প্রতিযোগিতা ইমাজিন কাপ ২০১২ এখন চলছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এ প্রতিযোগিতায় একটি পুরস্কার নির্ধারণ করা হয় অনলাইন ভোটের মাধ্যমে। ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ নামের এ পুরস্কারে গতকাল রোববার এগিয়ে গেছে বাংলাদেশের ‘টিম ইঞ্জিন’ দলের অন্নপূর্ণা সফটওয়্যার। আগে পিছিয়ে থাকলেও গতকাল সন্ধ্যায় অন্নপূর্ণা এক নম্বরে চলে আসে। ফলে ইমাজিন কাপে একটি পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। সফটওয়্যার ডিজাইন বিভাগে ৭২টি এবং গেম তৈরিতে ২০ দল অংশ নিচ্ছে এবারের আয়োজনে। এই দলগুলোর মধ্যে একটি পাবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড। অন্নপূর্ণাকে ভোট দিতে হবে SaveHumanity.tk ঠিকানার ওয়েবসাইট থেকে। এছাড়া ইমাজিন কাপের ওয়েবসাইট থেকেও (www.imaginecup.com) ভোট দেওয়ার সুযোগ আছে। আগামীকাল ৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাতটা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে।