পিপলস জুট মিল উৎপাদনে যাচ্ছে শুরু হয়েছে পাট ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ মাস পর আগামী ১৫ অক্টোবরের মধ্যে পুরোপুরি উৎপাদনে যাচ্ছে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ঐতিহ্যবাহী পিপলস জুট মিল। এ লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর থেকে পাট ক্রয় শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পিপলস জুট মিলটি পুনরায় চালুর সিদ্ধান্তের পর সম্প্রতি বিজেএমসির দুজন পরিচালক খুলনায় এসে তদারকি শুরু করেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই দুজন পরিচালক (উৎপাদন) প্রকৌশলী তরিকুল ইসলাম ও পরিচালক (নিয়ন্ত্রক-অর্থ) আলতাফ হোসেন মিল পরিদর্শন করেন। এ ছাড়া ওই দিন রাতে তাঁরা খুলনা ও যশোর অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রকল্পপ্রধান ও হিসাব বিভাগীয় প্রধানদের নিয়ে প্লাটিনাম জুট মিলের গেস্টহাউসে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজেএমসির আঞ্চলিক কার্যালয়ের লিয়াজোঁ কর্মকর্তা রফিকুল ইসলাম মিয়া, পিপলস জুট মিলের প্রকল্পপ্রধান এমদাদুল হক, স্টার জুট মিলের জাহাঙ্গীর হোসেন, ক্রিসেন্ট জুট মিলের মজিবর রহমান, প্লাটিনাম জুট মিলের জসিম উদ্দিন, দৌলতপুর জুট মিলের মনোয়ার হোসেন, আলিম জুট মিলের জাহাঙ্গীর নূরী, ইস্টার্ন জুট মিলের বাদশা আলম, জেজেআই জুট মিলের হাবিবুর রহমান ও কার্পেটিং জুট মিলের মিরাজ হোসেন।২৯ সেপ্টেম্বর সরেজমিনে খালিশপুর শিল্পাঞ্চল ঘুরে ও মিলে গিয়ে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনরায় মিল চালুর খবরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে খালিশপুর শিল্পাঞ্চলে। শ্রমিকেরাও বেশ খুশি। পাট ক্রয় শুরু হওয়ায় মিল চালুর বিষয়ে তাঁরা অনেকটা নিশ্চিত। তা ছাড়া মিল চালু করার উদ্দেশ্যে ক্রয় করা পাট গোডাউনে ভর্তি করা, কাটিং, মান নিয়ন্ত্রণ ইত্যাদি কাজও জোরেশোরে শুরু হয়েছে।মিলের শ্রমিক মো. রহিম আলী (৪০) প্রথম আলোকে বলেন, ‘মিল বন্ধ হওয়ায় আমরা খেয়ে না-খেয়ে কোনো রকমে বেঁচে ছিলাম। মিল চালু হওয়ার খবরে আমরা সবাই খুশি। পাট কেনা হচ্ছে, কাটিং, গ্রেডিংও শুরু হয়েছে। এখন পুরোদমে চালু হওয়ার অপেক্ষায় আছি।’বিজেএমসি সূত্রে জানা গেছে, খুলনার পিপলস ও দৌলতপুরসহ দেশের সব বন্ধ পাটকল চালুর জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে ১৭৬ কোটি টাকার চাহিদাপত্র পাঠানো হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে ওই অর্থ ছাড় না দেওয়ায় পাট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির আগস্ট মাসের বৈঠকে আদমজী জুট মিলের ফান্ড থেকে ২০ কোটি টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত হয়। সে আলোকেই আপাতত ২০ কোটি টাকা দিয়ে খুলনার পিপলস, চট্টগ্রামের আরআর ও এমএম এবং সিরাজগঞ্জের কওমি জুট মিল চালুর সিদ্ধান্ত হয়। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজেএমসির এক বৈঠকে অক্টোবর মাস থেকে পিপলসসহ দেশের চারটি পাটকল চালুর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় থেকে বিজেএমসির চাহিদামাফিক অর্থ পাওয়ার পর খুলনার দৌলতপুর জুট মিলসহ দেশের অন্যান্য বন্ধ পাটকল চালু করা হবে। সেই সঙ্গে পরিশোধ করা হবে আদমজীর ফান্ড থেকে নেওয়া ২০ কোটি টাকাও।পিপলস জুট মিলের প্রকল্পপ্রধান এমদাদুল হক বলেন, ‘পাট ক্রয় শুরু হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এবং অক্টোবরের মাঝামাঝিতে পুরোপুরি উৎপাদনে যাওয়ার প্রস্তুতি এগিয়ে চলছে।’বিজেএমসির পরিচালক (উৎপাদন) প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘পিপলসসহ সব বন্ধ মিল চালুর জন্য সরকারের আন্তরিকতা রয়েছে। এ জন্যই আদমজীর ফান্ড থেকে ধার নিয়ে বন্ধ মিলের মেইনটেন্যান্স কাজ শুরু হয়েছে। দৌলতপুর মিলের রক্ষণাবেক্ষণের জন্য সময় এবং অর্থ বেশি প্রয়োজন হওয়ায় আপাতত এটি চালুর তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তবে পরবর্তী সময়ে এটিসহ দেশের সব পাটকল চালুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘খুলনাসহ দেশের সব কটি বন্ধ মিল চালু করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আশা করছি, অক্টোবরের তৃতীয় সপ্তাহের শুরুতে পিপলস জুট মিলে পুরোমাত্রায় উৎপাদন শুরু হবে। মিলটি চালু হলে এ অঞ্চলের মানুষের একটি প্রাণের দাবি পূরণ হবে। শ্রমিকেরা তাঁদের কাজ ফিরে পাবেন, মৃতপ্রায় খালিশপুরে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।’উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জুলাই প্রায় ১৪৪ কোটি টাকার দেনা নিয়ে খুলনার পিপলস জুট মিল বন্ধ হয়ে যায়। এক বছরের মাথায় ২০০৮ সালের ১৫ জুলাই থেকে মিলটি মেসার্স কাজী ফার্ম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিমালিকানায় চালু করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেষ পর্যন্ত লোকসানের অজুহাত তুলে গত বছরের জুলাই মাসে (১৮ কোটি টাকা লোকসান দিয়ে) মিলটি বন্ধ করে মেসার্স কাজী ফার্ম নামের ওই প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে মিলটি আবার কাজী ফার্ম থেকে বিজেএমসির আওতায় নেওয়া হয়। সর্বশেষ ২০ সেপ্টেম্বরের বৈঠকে মিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিগত চারদলীয় জোট সরকারের এক বছরের মাথায় অর্থাৎ ২০০২ সালের ৭ ডিসেম্বর বন্ধ করা হয় দৌলতপুর জুট মিলটি। প্রায় আট বছর ধরে এই মিলটি বন্ধ থাকায় এর অনেক যন্ত্রপাতিই ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে।