পিপলসটেলের অন্যতম মালিক এশিয়া এনার্জি!
অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে অভিযুক্ত বেসরকারি টেলিফোন কোম্পানি পিপলসটেলের অন্যতম বড় বিনিয়োগকারী এশিয়া এনার্জি। পিপলসটেলের ৩৭ শতাংশের মালিক তারা। তবে ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিদ্রোহের পর এশিয়া এনার্জি কোম্পানির নাম পরিবর্তন করে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রাখে।জিসিএমের নথিপত্রে দেখা যায়, পিপলসটেলে তাদের মোট বিনিয়োগের পরিমাণ স্থানীয় মুদ্রায় ৫০ কোটি টাকার বেশি। জিসিএম বাংলাদেশের পাশাপাশি লন্ডনেও বাংলাদেশ টেলিকম নামের একটি কোম্পানির মালিক।বাংলাদেশের ভিওআইপি কার্যক্রম পরিচালনায় এ দুটি প্রতিষ্ঠানের কোনো সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে একাধিক গোয়েন্দা সংস্থা।প্রসঙ্গত, এশিয়া এনার্জি ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার কোম্পানি বিএইচপির বাংলাদেশের কার্যক্রম কিনে নেয়। সে সময়ে সরকারের সঙ্গে কয়লাখনি উন্নয়নের সম্ভাব্যতা যাচাইয়েরও চুক্তি হয় তাদের। কাজ শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি নানা ধরনের কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত হয়।পিপলসটেলের অবৈধ ভিওআইপি কার্যক্রম এবং তাতে জিসিএমের মালিকানার বিষয়ে জানতে টেলিফোনে ও ই-মেইলে যোগাযোগ করা হয়েছে। এশিয়া এনার্জির ঢাকার কার্যালয় দাবি করেছে, পিপলসটেলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর লন্ডনে জিসিএমের দপ্তরে ই-মেইল করা হলেও এর কোনো জবাব দেয়নি তারা।যে সময়ে এশিয়া এনার্জি পিপলসটেলে বিনিয়োগ করে, সে সময়ে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন গ্যারি লাই। তিনি এখনো বাংলাদেশে এশিয়া এনার্জির কার্যক্রম দেখাশোনা করছেন। তাঁর সঙ্গে গতকাল বুধবার দুই দফা মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, কেন লাইসেন্স বাতিল করা হবে না—এ মর্মে পিপলসটেলকে চিঠি দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পাওয়ার পর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তখন কোম্পানির সব তথ্য এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত, তা বেরিয়ে আসবে।কাগজপত্রে দেখা যায়, ২০০৭ সালের জানুয়ারি মাসে এশিয়া এনার্জি প্রায় ৩৫ কোটি টাকা দিয়ে পিপলসটেলের সাড়ে ২৬ শতাংশ শেয়ার কিনে নেয়। কোম্পানির ২০০৭ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের টেলিকম বাজারের গুরুত্বপূর্ণ অংশীদার পিপলসটেল ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পের আশপাশে উন্নত ও সম্প্রসারিত টেলিযোগাযোগ-ব্যবস্থা গড়ে তোলার জন্য ভূমিকা রাখছে।কিন্তু এশিয়া এনার্জি যখন পিপলসটেলে বিনিয়োগ করে, তখন তাদের ঢাকাতে ব্যবসা করার কোনো অনুমোদন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের শুরুতে দেশের সব পিএসটিএন লাইসেন্সধারী কোম্পানিকে ঢাকাসহ সারা দেশে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। ওই বছরের মার্চে পিপলসটেল ঢাকাতেও সংযোগ দেওয়ার লাইসেন্স পায়। এ সময় এশিয়া এনার্জির মূল কোম্পানি জিসিএম আবার ২১ কোটি টাকা বিনিয়োগ করে। এই বিনিয়োগের পর কোম্পানিতে তাদের মালিকানা দাঁড়ায় ৩৭ শতাংশ।যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর সূত্রে জানা গেছে, একক ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে পিপলসটেলে এশিয়া এনার্জির শেয়ারই বেশি। যদিও কোম্পানির পরিচালনা পর্ষদে তাদের নাম নেই।পিপলসটেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন টি আই এম নুরুন নবী। ২১ মার্চ রাতে পিপলসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়ার সময় র্যাব তাঁর বাড়িতেও অভিযান চালায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।বিটিআরসির সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পিপলসটেল অবৈধ ভিওআইপি কার্যক্রম চালিয়ে আসছে। নিয়ন্ত্রক সংস্থাটির সূত্র জানায়, যেদিন তাদের সুইচরুম সিলগালা করা হয়, তার আগের দিন তাদের কলটাইম বা কথা বলার সময় ছিল দুই লাখ মিনিট। অভিযান শুরুর আগের সপ্তাহে গড়ে প্রতিদিন এ সময় ছিল ২৪ লাখ মিনিট।তবে ২৩ মার্চ পিপলসটেল তাদের সুইচরুম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। আদালত এ বিষয়ে বিটিআরসির ব্যাখ্যা জানতে চেয়েছেন।যোগাযোগ করা হলে পিপলসটেলের চেয়ারম্যান টি আই এম নুরুন নবী প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে কোম্পানি থেকে জানানো হয়, এ মুহূর্তে এশিয়া এনার্জির সঙ্গে সংশ্লিষ্টতা বা অন্য কোনো বিষয়ে কোনো বক্তব্য দেবে না পিপলসটেল।