অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার আরও একটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) পিপলসটেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।ভিওআইপি-সংশ্লিষ্টতার অভিযোগে গত এক সপ্তাহে এ নিয়ে চারটি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে কার্যক্রম বন্ধ করে দেওয়া তিনটি প্রতিষ্ঠান হলো ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল ও র্যাংকসটেল। তবে গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে এই তিন পিএসটিএন অপারেটরের সুইচরুম চলতি সপ্তাহেই আবার চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।এদিকে র্যাংকসটেলের যোগাযোগ বিচ্ছিন্ন ও সুইচরুম বন্ধের কার্যক্রম কেন অবৈধ নয়, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিটিআরসি সূত্র জানায়, গতকাল রোববার রাত আটটার পর থেকে র্যাবের সহযোগিতায় বনানীতে পিপলসটেলের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করা হয়। তালাবদ্ধ প্রধান কার্যালয়ে তখন কেউই ছিল না। এরপর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) নুরুন্নবীর বারিধারার বাসায় অভিযান চালান বিটিআরসির কর্মকর্তারা। তবে নুরুন্নবীকে তাঁরা পাননি। বিটিআরসির কর্মকর্তারা এরপর আবার পিপলসটেলের প্রধান কার্যালয়ে যান। ভেতরে ঢুকে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির কল রেকর্ড জব্দ করেন। এ সময় সেখানে ভিওআইপির যন্ত্রপাতি ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল। ভিওআইপির সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে কোম্পানির সুইচরুম বন্ধ করে দেন তাঁরা।বিটিআরসি সূত্র জানিয়েছে, ১৪ মার্চ প্রতিষ্ঠানটির ২৪ লাখ ৮৫ হাজার ৬৯৫ মিনিট কলের রেকর্ড ছিল। ১৭ মার্চও কল ছিল ২১ লাখ মিনিট। ভিওআইপিবিরোধী অভিযানের ফলে ২০ মার্চ কল নেমে আসে মাত্র দুই লাখ ৩৩ হাজার ৫৪৪ মিনিটে। গতকাল বিটিআরসির কার্যালয়ে এক বৈঠকে বন্ধ করে দেওয়া তিনটি পিএসটিএন অপারেটরের সুইচরুম চলতি সপ্তাহেই চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে অভিযানের সর্বশেষ পরিস্থিতি এবং প্রতিষ্ঠান তিনটি বন্ধের ফলে গ্রাহকদের সমস্যা আর দুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে বিটিআরসির চেয়ারম্যান জানান, এ সপ্তাহের মধ্যেই ওই তিনটি পিএসটিএন অপারেটরের গ্রাহকেরা যেন কথা বলতে পারেন, সে বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। সূত্র জানায়, গত শনিবার রাতে বন্ধ করে দেওয়া আইএসপিগুলোর মধ্যে গ্রামীণ সাইবারনেট ও আইএসএন চালু করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির গ্রাহক পর্যায়ে ‘সামান্য অসতর্কতার জন্য’ এ সমস্যা দেখা দিয়েছিল বলে দাবি করেছেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইএসএনের স্বত্বাধিকারী আখতারুজ্জামান মঞ্জু। অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর গত এক সপ্তাহেই বৈদেশিক কল বেড়েছে প্রতিদিন গড়ে দেড় কোটি মিনিট। আর সরকারি-বেসরকারি চারটি ইন্টারন্যাশনাল গেটওয়ে মিলে বাড়তি আয় করেছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ‘বন্ধ করে দেওয়া ফোন অপারেটর ও আইএসপিগুলো যে অবৈধ ভিওআইপি ব্যবসা করত, তার প্রমাণ হচ্ছে, এই কয়েক দিনে বিদেশ থেকে আসা কল বেড়েছে এক লাফে ৫০ শতাংশ।’গতকাল এক সংবাদ সম্মেলনে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে বিটিআরসির অভিযানকে সমর্থন জানিয়েছেন আইএসপি অ্যাসোসিয়েশনের নেতারা। তবে এ ধরনের অভিযোগ পেলে আগাম সতর্ক নোটিশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা। সংগঠনটি এই অবৈধ ভিওআইপির জন্য লাইসেন্সপ্রাপ্ত ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিযোগ করে বলে, প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়াই হয়েছিল অবৈধ ভিওআইপি ঠেকাতে।এ ছাড়া মুঠোফোন সেবা পরিচালনারত ছয়টি মোবাইল ফোন অপারেটরকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব।